
নিউইয়র্কে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
করোনা মহামারীর এই দুর্যোগ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে।
কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এ আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ পৃথিবীর একমাত্র রাজনৈতিক দল, যে দলের নেতৃত্বে মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছে বাংলাদেশের মানুষ, পেয়েছে স্বাধীনভাবে বসবাস করার জন্য একটি দেশ।
তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের শাসন-নির্যাতন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন, ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে অধিকার আদায়ের সব আন্দোলন একপর্যায়ে স্বাধীনতার আন্দোলনে রূপ নেয়। আওয়ামী লীগের নেতৃত্বেই মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জিত হয়।
নেতৃবৃন্দের মাঝে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন ও মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, কার্যকরি সদস্য শাহানারা রহমান, আওয়ামী লীগ নেতা হোসেন সোহেল রানা, ড. রফিক আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস ও নুরুজ্জামান সরদার, কিবরিয়া জামান, ছাত্রলীগ নেতা জেড এ জয় প্রমুখ। ⛘
বিজ্ঞপ্তি



