প্রবাস

নিউইয়র্কে ড্যাফোডিল অ্যালামনাইদের মিলনমেলা আগামী ১৫ জুন

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বাংলাদেশসহ পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে ড্যাফোডিল পরিবারের ৬০ হাজারের মতো সাবেক শিক্ষার্থী। তাদেরকে হারিয়ে যেতে না দিয়ে, বরং একটি সূঁতোয় গাঁথতে চায় প্রতিষ্ঠানটি। আর তারই অংশ হিসেবে লন্ডনের পর এবার নিউইয়র্কে হতে যাচ্ছে সাবেকদের মিলনমেলা। নর্থ আমেরিকান ড্যাফোডিল অ্যালামনাইদের জন্য এম্পায়ার ক্রুইজ শিপে আগামী ১৫ জুন ড্যাফোডিল অ্যালামনাই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। তার জন্যে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আশা করা হচ্ছে নর্থ আমেরিকাজুড়ে ছড়িয়ে থাকা ড্যাফোডিল পরিবারের দুই শতাধিক সদস্য এতে অংশ নেবে।

নর্থ আমেরিকাজুড়ে ছড়িয়ে থাকা ড্যাফোডিল পরিবারের সাবেকরা এখন নিজ নিজ অঙ্গণে প্রতিষ্ঠিত। তাদের কেউ পড়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, কেউ পড়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি (ডিআইএ) অথবা ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিতে, কেউ পড়েছেন ড্যাফোডিলের অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে। আবার অনেকে এই পরিবারের হয়ে কাজ করেছেন। তাদের অনেকেই এই আয়োজনে একত্রিত হবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।

আগামী ১৫ জুন, শনিবার ম্যানহাটনের স্কাইপোর্ট মেরিনা থেকে এম্পায়ার ক্রুজের জাহাজটি ছেড়ে যাবে। একটানা চারঘন্টা পানিতে ভেসে বেড়ানোর সময় এতে থাকা সদস্যরা স্মৃতিচারণ করবেন, আনন্দে মেতে উঠবেন। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি থাকবেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মো: সবুর খান। এ ছাড়া যোগ দেবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান।

নর্থ আমেরিকার এই মিলনমেলাকে সফল করার জন্যে এরিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, “আমাদের এই আয়োজনের উদ্দেশ্য কয়েকটি। যারা আমাদের পরিবারের সদস্য, তাদেরকে জীবনব্যাপী সঙ্গে রাখা। এক ধরণের যোগাযোগ নিশ্চিত করা। আর সবার উপরেতো দেশ, প্রিয় বাংলাদেশ। সাবেক শিক্ষার্থীরা কিভাবে যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, তার জন্যে একটি মঞ্চ প্রস্তুত করা। এতে বিপুল সাড়ায় আমরা অভিভূত”।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে লন্ডনের পামট্রি ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়ে গেল, ‘ড্যাফোডিল অ্যালামনাই ইউকে পুনর্মিলনী ২০১৯’। সফল অনুষ্ঠানটিতে অংশ নেয় ড্যাফোডিল পরিবারের শতাধিক সাবেক সদস্য। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস মঞ্জিলা পলা উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মো. সবুর খান। এ ছাড়া অনেক সম্মানিত অতিথি যোগ দিয়েছেন চমৎকার সেই আয়োজনে।

কর্তৃপক্ষ জানিয়েছে, “নন রেসিডেন্স ড্যাফোডিল অ্যালামনাই” লন্ডন চ্যাপটার নামে তখন একটি ওয়েবসাইট তৈরি করা হয়। নর্থ আমেরিকার ক্ষেত্রেও এমন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে প্রবাসে থাকা সাবেকরা পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন, নিজেদের আইডিয়া শেয়ার করতে পারবেন, মন্তব্য, পরামর্শ, অভিযোগ, অনুযোগ, সাহায্য-সহযোগিতা করার সুযোগ পাবেন। লন্ডনের সেই আয়োজন তৈরি করেছিল ভবিষ্যত চলার পথটিকে। সেই ধারাবাহিকতায় এবার নর্থ আমেরিকায় হতে যাচ্ছে জমকালো মিলনমেলা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension