নিউইয়র্কে রমজানে আর্তদের পাশে ত্রাণ নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। সোমবার নিউ ইয়র্কের বাংলাদেশি ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে অসহায় মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন তারা।

করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত নিউ ইয়র্কে মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। যারা কখনও এ ধরণের সাহায্য গ্রহণ করেন নি, তারা এখন সাহায্য পেতে অপেক্ষা করেন। বাংলাদেশি কমিউনিটিতেও এমন রয়েছেন এমন মানুষ। তাদের কথা ভেবেই অন্যান্যবারের মতো এবারও এগিয়ে এলেন বাংলাদেশী ব্যবসায়ী।
বাংলাদেশী কমিউনিটি ছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরাও এই দুঃসময়ে ত্রাণ হাতে পেয়ে বাংলাদেশী ব্যবসায়ীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন-জেবিবিএ নিউইয়র্ক, নিউইয়র্ক বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাব, নর্থবেঙ্গল ফাউন্ডেশন ইন্ক, ফাউমা ইনোভেটিভ কনসালটেন্সি গ্রুপ, আলী চয়েজ এনার্জি, বারী হোম কেয়ার, ইমিগ্র্যান্ট হোম কেয়ার এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের সর্ববৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান হক অ্যান্ড সন্স যৌথভাবে ত্রাণসামগ্রী বিতরণ করে।

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, বাংলাদেশী কমিউনিটি সবসময় একে অন্যের বিপদে পাশে দাঁড়ায়। করোনাভাইরাসের কারণে মানুষ যখন বিপদগ্রস্ত তখনো তারা কমিউনিটির জন্য কাজ করছে। এটা সত্যিই প্রশংসনীয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা ফাহাদ সোলায়মান, মোহাম্মদ আলম নমি, কামরুজ্জামান বাচ্চু এবং রূপসী বাংলা সম্পাদক শাহ জে চৌধুরী প্রমুখ।◉



