
নিউইয়র্ক এমন এক শহর যা কখনও ঘুমায় না
রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এমন এক শহর যা কখনও ঘুমায় না। দিন আর রাত এখানে সমান। সারাক্ষণ কর্মব্যস্ত মানুষ।
কিন্তু মানুষ যা-ই করুক একসময় ক্লান্ত হয়। নতুন করে কাজ শুরু করার জন্য দরকার হয় পর্যাপ্ত বিশ্রাম-ঘুমের। কিন্তু চাইলেই সবার পক্ষে সবসময় সব জায়গায় ঘুমানো সম্ভব নয়। যেসব মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না বা যাদের ঠিকমতো ঘুম হয় না তাদের কথা মাথায় রেখে নিউইয়র্কে চালু হয়েছে ‘ঘুমঘর’।
নতুন চালু হওয়া এ ঘুমঘর দিচ্ছে ঝটপট ঘুমের সমাধান। চটজলদি ঘুমানোর এ প্রযুক্তির প্রতি বেশ আগ্রহী হয়ে উঠেছে নিউইয়র্কবাসী। তাই কাজের ফাঁকে চা-কফি খেয়ে পয়সা ব্যয় না করে সে পয়সাটা ‘একটু ঘুমিয়ে নিতে’ ব্যয় করছে তারা।
যাদের প্রচুর পয়সা আছে আবার স্বাস্থ্য চেতন এমন মানুষ বাড়ছে নিউইয়র্কে। এমন মানুষের জন্য অল্প কিছুক্ষণের জন্য শান্তির ঘুম উপহার দিচ্ছে কিছু প্রতিষ্ঠান। ন্যাপ ইয়র্ক সেগুলোর অন্যতম।
শহরের পেন স্টেশনের নিকটে তিনতলা ভবনে মাত্র তিন মাস আগে প্রতিষ্ঠিত হয়েছে এটা। দিন অথবা রাতে যেকোনো সময় কাঠের কেবিনে মাত্র ১২ ডলারের বিনিময়ে ৩০ মিনিটের প্রশান্তির ঘুম। অতিরিক্ত পরিশ্রমে যারা ক্লান্ত-শ্রান্ত অল্প একটু ঘুমিয়ে নিতে চলে আসেন ন্যাপ ইয়র্কে।
ডেইলি মেইল জানায়, এ সব ঘুমঘরে উন্নত প্রযুক্তির ‘স্লিপ পড’ ব্যবহার করা হচ্ছে। চোখে দ্রুত ঘুম আনার জন্য এগুলোতে ব্যবহার করা হয় ‘জিরো গ্রাভিটি’ যা দ্রুতই হৃদকম্পনের হার কমিয়ে আনে। এ ঘুম ব্যবসা কোম্পানির এক কর্মকর্তা স্টেসি ভেলোরি বলেন, নিউইয়র্ক শহরে একটু শান্তি খুঁজে পাওয়া দুষ্কর। আর তাই কর্মক্লান্ত নিউইয়র্কবাসীকে আমরা প্রশান্তির ঘুম দিয়ে উজ্জীবিত করতে চাই।’



