
নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন
নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে।
সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৭ সেপ্টেম্বর রাত ১২টা ১মিনিটে জ্যাকসন হাইটসের ইটজি পার্টি সেন্টারে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন করা হয়।
নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান মালেক, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুল আলম যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাভলু, আনসার সাধারণ সম্পাদক রেজাউল বারী বকুল, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়সহ বীর মুক্তিযোদ্ধারা। এছাড়া নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে জাকারিয়া চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশেরই নেত্রী নন তিনি আজ মানবতাবাদী বিশ্বের মহান নেত্রী। তিনি বাঙালির আশা-ভরসার শেষ আশ্রয় স্থল। বিশ্বমন্দা পরিস্থিতিতে যেভাবে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটি বিশ্বের দরবারে একটি বিরল দৃষ্টান্ত।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে একটি দেশ দিয়ে গেছেন আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন একটি সমৃদ্ধ বাংলাদেশ তাই আজকের এই দিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আব্দুল কাদের মিয়া তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা তার সাথে থেকে অবহেলিত মানুষের জন্য কাজ করে যেতে চাই।
সভায় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি কাজী জাফরউল্লাহ, সমিরুল ইসলাম বাবলু, নাজিম উদ্দিন লিটন, ওয়াসিউর রহমান ইমন প্রমূখ। সভাশেষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও কেক কাটা হয়।



