নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্কে আয়োজিত হয়ে গেল ব্যান্ড সংগীতের কিংবদন্তি নগর বাউল খ্যাত জেমসের স্মরণকালের বৃহত্তম কনসার্ট।
গেল ৪ জুন (রবিবার) বাংলাদেশি মালিকানাধীন প্রমোটার প্রতিষ্ঠান শোটাইম মিউজিক অ্যান্ড প্লে’র (এসএমপি)-এর ব্যবস্থাপনায় নিউ ইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে আয়োজন করা হয় জেমসের লাইভ ইন কনসার্ট।
আয়োজকরা জানান, নিউ ইয়র্ক ছাড়াও নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট রাজ্য থেকেও জেমসের কনসার্ট উপভোগ করতে দর্শকরা হাজির হয়েছিলেন। টিকেট কিনেও বাইরে লম্বা লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল আগত দর্শকদের।
আয়োজক শো টাইম মিউজিকের আলমগীর খান আলম গেল কয়েক বছরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের স্বনামধন্য অনেক শিল্পীকে নিউ ইয়র্কে নিয়ে গেছেন, আয়োজন করেছেন বিভিন্ন অনুষ্ঠানের। তিনি জানান, জেমসের কনসার্টে এত দর্শক-শ্রোতারা আসবেন সেটা অনুমানের বাইরে ছিল। জেমসের প্রোগ্রামের জন্য আমেরিকার প্রবাসীরা মুখিয়ে থাকেন।’
আলমগীর খান আলম এবারের কনসার্টটিকে ব্যতিক্রম হিসেবে অভিহিত করে আয়োজনের পেছনে সকল কলাকুশলী, স্পন্সর ও মিডিয়া পার্টনারদেরকে কৃতজ্ঞতা জানান।
সন্ধ্যা ৭ টায় শুরু হওয়া কনসার্ট টানা তিন ঘণ্টা চলেছে। মঞ্চে নানান রঙের আলোয় ভিজে জেমস মোট ১৩টি গান গেয়েছেন। আর তাতেই উন্মাদনায় মেতে উঠেছেন দর্শকরা। কনসার্টের সবশেষ গানটি ছিল জনপ্রিয় হিন্দি সিনেমা ‘গ্যাংস্টার’-এ ‘ভিগি ভিগি’, এই গানটি জেমসকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছিল। গানের সুরের জাদুতে মুহূর্তেই দর্শকরা হারিয়ে যান সুরের মুর্ছনায়।
অনুষ্ঠানে জেমস দর্শকদের আরও গেয়ে শোনান ‘পদ্ম পাতার জল’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘মায়ের’ মতো জনপ্রিয় গান। এসব গানে দর্শকরাও গাইতে শুরু করেন নগর বাউলের সঙ্গে।
প্রায় চার বছর পর নিউইয়র্কে ওপেন এয়ার কনসার্টে অংশ নিলেন জেমস। এর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে প্রথম কনসার্টে প্রায় ১৫ হাজার দর্শককে মাতিয়ে রাখেন জেমস।
সুরের সমুদ্রে শ্রোতার অন্তরে কখনও শান্তির পরশ, প্রেম ভালবাসা, কখনও চোখে অশ্রু আবার উম্মাদনা ছডিয়ে জেমস শুরু করেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’ গানটি দিয়ে। গেয়ে চলেন দিওয়ানা মাস্তানা, গুরু ঘর বানাইলা কী দিয়া, এর পরে গাইলেন ‘মা’। মীরা বাঈ, তারায় তারায়, পাগলা হাওয়ায় দর্শক তখন পাগল। নেচে গেয়ে আর হেলে দুলে বাঁধ ভাঙা আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা দর্শকদের সামাল দেয়াই ছিল কঠিন।
গেল মে মাসে জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছিলেন জুন শুরু থেকে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে কনসার্ট করবেন। ইতোমধ্যে জুন ১ তারিখে ক্যালিফোরনিয়ার লস অ্যাঞ্জেলেসে কনসার্ট করেছেন। নিউ ইয়র্কসহ আরও ১০টি রাজ্যে তাদের শো রয়েছে। তিনি বলেন, কনসার্টের এই সংখ্যাটা আরও বাড়বে, কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকই যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ডদলই এক মাস দেশটিতে থাকব।
অ্যালবাম
ছবি: নিহার সিদ্দিকী












