
নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের জরুরি বিজ্ঞপ্তি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩ মার্চ থেকে কনস্যুলার সেবা গ্রহীতারা করোনা মহামারী জনিত স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক বাংলাদেশ কনস্যুলেটে এসে সরাসরি কনস্যুলার সেবা গ্রহণ করতে পারবেন। এজন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। তবে যথারীতি ডাকসেবা অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের নিয়মে অফিস চলাকালীন প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকল প্রকার কনস্যুলার সেবার আবেদন গ্রহণ করা হবে এবং প্রতিদিন বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডেলিভারি প্রদান করা হবে।
এ প্রেক্ষিতে আসা সকল সেবা গ্রহীতাদেরকে মাস্ক পরিধানসহ অন্যান্য স্থানীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে কনস্যুলেটে আসতে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে নিউ ইয়র্কের স্থানীয় সরকার কর্তৃক ‘ইনডোর’ সমাবেশে নির্দিষ্ট সংখ্যার অতিরিক্ত জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে। সেকারণে অধিক জনসমাগম হলে স্বাস্থ্যবিধি অনুসরণের স্বার্থে সেবা গ্রাহকদের কনস্যুলেটের বাইরে লাইনে দাঁড়াতে হতে পারে।
বাংলাদেশ কনস্যুলেট জানায়, ইতোমধ্যে যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করেছেন তারা নির্ধারিত সময়ে অথবা অফিস চলাকালীন তাদের সুবিধাজনক সময়ে কনস্যুলেটে এসে সেবা গ্রহণ করতে পারবেন।
জরুরী প্রয়োজনে সকলকে ছুটির দিন ছাড়া সোমবার থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টেলিফোনে ২১২-৫৯৯-৬৭৬৭ নম্বরে, অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া চব্বিশ ঘন্টা ৬৪৬-৬৪৫-৭২৪২ হটলাইনেও যোগাযোগ করতে পারেন।❐



