
নিউ ইয়র্ক মেয়রের বাড়িতে ভূত!
নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউইয়র্ক সিটি মেয়রের সরকারি বাসভবন গ্রেসী ম্যানশনে ভূত আছে এ কথা এবার জোর দিয়েই বললেন এ বাড়ির হালের বাসিন্দা মেয়র এরিক এডামস। এর আগেও গত মে মাসে তিনি ইয়াংকিদের খেলা দেখতে গিয়ে প্রেস বুথে বসে সাংবাদিকদের কথাটি বলেছিলেন। গত বুধবার আবার তার এই ধারণার কথা ব্যক্ত করলেন। একটি সংবাদ মাধ্যম জানাচ্ছে, এবার তিনি বেশ জোর দিয়েই ভূতের কথাটি বলেছেন।
মেয়র এডামস বলেছেন, অন্যরা কে কি বলেন আমি তা কেয়ার করি না। আমি বলছি ওখানে ভূত আছে। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, এরিক এডামস তার এই কুসংস্কারের পক্ষে বলেছেন, এই বাড়িতে ভূত আছে এ কথা আমি সবাইকে বলে আসছি। তবে মনে হয় সে ভূত নিশ্চয় ‘ক্যাসপারের’ জগতের। খুব বন্ধুসুলভ ভূত।
সংবাদ মাধ্যমটি জানাচ্ছে, গ্রেসী ম্যানশনে ভূতের আছরের কথা এরিক এডামসই যে প্রথম বললেন, তা নয়। পূর্ববর্তী ফার্স্ট লেডী অর্থাৎ বিল ডি ব্লাজিও’র স্ত্রী চার্লিন ম্যাকক্রে ২০১৭ সালেই এ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন তিনি এই ভবনের মূল মালিক আর্চিবল্ড গ্রেসীর মেয়ের হাঁটাচলার শব্দ বাড়িতে শুনেছেন। ম্যাকক্রে বলেছিলেন, আমি তাকে কখনও দেখতে পাইনি। কিন্তু দেখেছি ঘরের দরজাগুলি স্বয়ংক্রিয়ভাবে খুলে যেতে, আবার বন্ধ হতে। তাছাড়া ঘরের কাঠের মেঝেতে মচমচ শব্দ আমি শুনেছি, মনে হয়েছে কেউ হেঁটে বেড়াচ্ছে।



