
নির্বাচনের মুখে চাপ বাড়িয়ে দল ছাড়ছেন ক্ষুব্ধ বিজেপি বিধায়ক
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বিজেপিতে ক্রমশই ক্ষুব্ধ বিধায়কদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷ এবার বিজেপি বিধায়ক অনিল গোটে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন৷ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়বীশের ঘনিষ্ঠ মন্ত্রী গিরিশ মহাজনের সঙ্গে সমস্যার কারণে ধুলের বিধায়র অনিল গোটে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন৷ নাগপুরের বিধায়ক আশিষ দেশমুখের পরে এবার তিনিও ইস্তফা দিতে চলেছেন৷

সূত্রের খবর, ধুলে এক জনসভায় বক্তব্য পেশ করতে গিয়ে গেরুয়া শিবিরের অন্দরে চলা সমস্যার কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের ঘনিষ্ঠদেরই দলে স্থান দেওয়া হয়৷” তাই তিনি তাঁর পদ থেকে ইস্তফা দিচ্ছেন বলে জানিয়েছেন৷

প্রসঙ্গত, বিধায়ক অনিল গোটে বিজেপির প্রাক্তন মন্ত্রী এবং দলের সিনিয়র নেতা একনাথ খড়সের ঘনিষ্ঠ বলে পরিচিত৷ খড়সে এবং গিরিশ মহাজনের মধ্যে আবার সমীকরণ সহজ নয়৷

গোটে স্পষ্ট জানান, “দলে বিভেদনীতি ক্রমশ বাড়ছে এবং তা প্রকাশ্যে উঠে আসছে৷ বিজেপিতে সিনিয়র নেতা-কর্মকর্তাদের কোনও জায়গা নেই বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ বহুদিন ধরেই এই সমস্যা চলছে৷ এই দল অটল বিহারী বাজপেয়ী বা আডবাণীর দল আর নেই৷” তাই আগামী ১৯ নভেম্বর বিজেপির সদস্যপদ ছেড়ে তিনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন বলে জানিয়েছেন৷



