
বদলে যাচ্ছে ভারতীয় রেল! পরিবর্তনগুলি দেখলে সত্যিই গর্বিত হবেন
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আবারও ট্রেনের কামরাকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল৷ তবে, এই প্রথমবার নয়৷ এর আগেও যাত্রীদের জন্য নিত্যনতুন সুযোগ সুবিধা নিয়ে এসেছে রেলমন্ত্রক৷ যেখান থেকে বাদ যায় স্টেশনগুলিও৷ সেভাবেই রেলের কামরাগুলিতে আরও বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে কর্তৃপক্ষ৷ চলতি বছরেই বদলে ফেলা হবে পুরনো ২০০০ টি রেল কামরার লুককে৷ যার জন্য খরচ হবে প্রায় ৬০০ কোটি৷
যাত্রীদের আরও উন্নতমানের পরিষেবা দিতেই এই আপগ্রেডের সিদ্ধান্ত৷ সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, নতুন উদ্যোগটির মাধ্যমে ট্রে-টেবিল, চার্জিং পয়েন্ট, সিট কভার, টয়লেটে নতুন ট্যাপ সহ অন্যান্য সুবিধা পাবেন যাত্রীরা৷ যা যাত্রাপথের অভিজ্ঞতাকে করবে আরও বেশি মসৃণ৷ এখানেই শেষ নয়, আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে রেলের৷ সূত্রের খবর, আগামী কয়েক বছরের মধ্যে প্রায় ৬০,০০০ কোচকে এভাবেই ঢেলে সাজাবে ভারতীয় রেলমন্ত্রক৷

বিষয়টি নিয়ে রেলওয়ে বোর্ডের এক সদস্য জানান, ট্রেনের বাইরের এবং ভিতরের লুক পরিবর্তনের জন্য আমরা ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নিয়েছি৷ শুধু তাই নয়, ট্রেনের কামরাগুলির মানকে আরও উন্নত করার চেষ্টা করছি৷ এছাড়াও, এক্সপ্রেস ট্রেনগুলির উপরেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে৷ তিনি যোগ করেন, রেলওয়ে টয়েলেটে পুরনো আয়নাগুলিকে বদলে ফেলার প্ল্যান রয়েছে রেলের৷ সঙ্গে বদলানো হবে ফ্যানগুলিকেও৷

রেলওয়ে বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান আরকে সিং সংবাদ মাধ্যমকে জানান, আপগ্রেডটি আয়ু বাড়াবে কামরাগুলির৷ এছাড়া, যাত্রীদের দৃষ্টিকোণ থেকে দেখলে বাথরুম এবং কার্টেন সহ বেশ কিছু জিনিস বদলের প্রয়োজন ছিল৷ আপগ্রেডেশনের এই উদ্যোগটিতে মূলত রেলের কামরাগুলির উপরেই ফোকাস করা হচ্ছে৷ যেগুলির (কামরা) বয়স ২০ বছরেরও কম৷ রেলযাত্রাকে সহজ ও আরামের করতে উদ্যোগ নেওয়া হয়েছে বহুবার৷ কিছুদিন আগেই ইউটিএস অ্যাপ নিয়ে এসেছে রেল দফতর৷ যার মাধ্যমে অনলাইনে অসুরক্ষিত টিকিট বুক করতে পারবেন যাত্রীরা৷



