
এম সোলায়মান জয়
কাঁচের মতো আকাশ ভেঙে পড়ে চোখে
সংবাদবাহক বাতাসে ভেসে আসে গুজব
ছিনিয়ে নেয় অপ্রত্যাশিত প্রবাহমান জীবন
ফেলে যায় অনিশ্চিত নিঃশ্বাস।
মোমের মুখের মানুষের সারাৎসারে আগুনের ভয়
ভূমিকম্প লুকানো চোখে ভেসে উঠে হাহাকার
প্রতিবাদের কণ্ঠে তালা ঝুলিয়ে গেছে ভয়।
জীবনের দিনলিপি অস্থিরতার গহ্বরের এক ঘড়ি
যে ঘড়ির কাটা লাশ পেরিয়ে সামনে আগায়।
তবু আশার নাম জপে চুপচাপ হৃদয়ের হৃদপিণ্ড
ধুলোমাখা এক অনাগত বিকেলের কোণে।



