
নাসরীন জামান
হীম বাতাসের শীতের রাতে
খোলা আকাশ তলে
পথের ধারের ঐ বিছানায়
কাদের ভাগ্য জ্বলে?
নেই যে তাদের গরম কাপড়
নেই যে শীতের কাঁথা
জন্ম থেকেই জীবন যে হায়
ছিন্ন সুতোয় গাঁথা।
শীত সকালের রোদের কণা
মাখবে তারা গায়ে
সেই অবসর কোথায় তাদের
ভাগ্য লুটায় পায়ে।
জীবন তাদের গাড়ির চাকা
ভোর আঁধারেই ছোটে,
এক জীবনের একটু আরাম
আর না ভাগ্যে জোটে।
এই সমাজের সুশীল যারা
তাকাও তাদের পানে
একটু তোমার হাত বাড়িয়ে
সুখটা জাগাও প্রাণে।



