
পশ্চিমবঙ্গ সিপিএমের নেতৃত্বে ব্যাপক রদবদল
রূপসী বাংলা ডেস্ক:ব্যাপক রদবদলের স্বাক্ষী হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সিপিএম নেতৃত্ব। নেতৃস্থানীয় পর্যায়ে প্রবীণদের পরিবর্তে আসছে নতুন মুখ। চার দিনের রাজ্য সম্মেলন শেষে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছে সিপিএম।
কমিটি থেকে এবার বাদ পড়েছেন সাত জন শীর্ষ প্রবীণ নেতাসহ ২০ জন। প্রবীণদের মধ্যে আছেন কেবল বিমান বসু। সিপিএম নেতারা জানান, ৭৫ বছরের বেশি বয়সী নেতাদের এবার রাজ্য কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। শুধু ব্যতিক্রম বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। কমিটিতে না থাকার জন্য আবেদন জানালেও তার সেই আবেদন অগ্রাহ্য করে তাঁকে এই কমিটিতে রাখা হয়েছে।
বাদ পড়া ২০ জন নেতার মধ্যে রয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, শ্রমিকনেতা শ্যামল চক্রবর্তী, মদন ঘোষ, বাসুদেব আচারিয়া, দীপক সরকার, অসীম দাশগুপ্ত, কান্তি গাঙ্গুলি, নিরুপম সেন প্রমুখ। এবার গড়া হয়েছে ৮০ সদস্যের রাজ্য কমিটি। তবে গতকাল ঘোষণা করা হয় ৭৯ জনের নাম। রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন সূর্যকান্ত মিশ্রই। তবে যে সাতজন প্রবীণ নেতাকে রাজ্য কমিটিতে রাখা হয়নি, তাঁদের রাজ্য কমিটিতে আমন্ত্রিত অতিথির তালিকায় রাখা হয়েছে।এই কমিটিতে স্থান পেয়েছেন নতুন ১৭ মুখ। এদের মধ্যে রয়েছেন মধুজা সেন রায়, সুভাষ মুখোপাধ্যায়, কল্লোল মজুমদার, জামির মোল্লা, অনন্ত রায়, মৃণাল রায়, আনোয়ারুল হক, নন্দলাল হাজরা, জামিল ফিরদৌস, হিমাংশু দাস, অভয় মুখার্জি, প্রদীপ রায়, বিলাসী বালা সহিস, কনীনিকা ঘোষ, গৌতম ঘোষ প্রমুখ। পার্টি কংগ্রেসে যোগ দেওয়ার জন্য এই রাজ্য থেকে ১৭৫ জনের তালিকাও ঘোষণা করা হয় বৃহস্পতিবার।বিডি-জার্নাল



