১ জুলাই থেকে সবকিছু খুলছে নিউইয়র্ক
পহেলা জুলাই থেকে নিউইয়র্কে সবকিছু খুলে দেয়া হচ্ছে। জানিয়েছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিও। শহরের প্রায় শতভাগ বাসিন্দা এরই মধ্যে ভ্যাকসিনের আওতায় আসায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্ধকার থেকে আলোর পথে যুক্তরাষ্ট্র, করোনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন ঘোষণার একদিন পর, এবার নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ব্লাসিও জানালেন, আগামী ১ জুলাই থেকে নিউ ইয়র্কে খুলে দেয়া হবে সবকিছু।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে ব্লাসিও জানান, নিউইয়র্ক সিটির প্রায় ৮০ লাখ অধিবাসী এরই মধ্যে টিকা গ্রহণ করায় এবং সংক্রমণের হার কিছুটা কমে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। তবে, বিধিনিষেধ তুলে নেয়া হলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ব্লাসিও জানান, পহেলা জুলাই থেকে নিউ ইয়র্ক আবারও আগের রূপে ফিরবে। এর মধ্য দিয়ে আবারও মানুষ কাজে ফিরবে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আসন্ন গ্রীষ্ম মৌসুম নিউ ইয়র্কবাসীর জন্য অবশ্যই বিশেষ কিছু হতে যাচ্ছে।❐



