কবিতাসাহিত্য

পাগল প্রেমিক

তাহমিদ হাসান


আমি ফুল ভালোবাসি, অথচ আমার
ঘরে কোন ফুল নেই; রূপসীর খোঁপায় কখনো
গুঁজে দিতে পারি নাই লোহিত গোলাপ।

নদীর সাথে গিয়েছিলাম
সমুদ্র-সঙ্গমে—
ফিরে এলাম একাকী, কিন্তু নদী আর ফিরে এলো না;
অনেক পাষাণ রাত কেটে গেল,
নদীর কান্নার শব্দে উজাড় হয়েছে
অনেক বসতি—অবশেষে জানলাম,
ফিরে আসে সাগরের স্রোত,
কিন্তু একবার সমুদ্রে গেলে নদী আর ফিরে আসে না।

এখন আমার স্বপ্ন নেই,
পাহাড়-চূড়ায় উঠে দেখি
মেঘেদের খুনসুটি যেন শব্দহীন শবযাত্রা।

হে বিপুলা বসুন্ধরা শোন,
তোমার খোঁপায় গুঁজে দেবো
বিধাতার বাগানের চুরি করা ফুল;
অমরাবতীর আলো জ্বেলে দেবো আমি
আকাশের অন্ধকার পথে।
যদি শুধু একবার বলো,—‘ভালোবাসি’—
তোমার প্রেমিক হবো; যদিও জেনেছি,
প্রকৃতপ্রস্তাবে প্রতিটি মিলন বিরহের বীজ বুনে দেয়!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension