
সাজু কবীর
সময়ের রাঙা ঠোঁটে নিমগ্ন সময়,
বাড়ে বেলা নিরালায় খেলায়-মেলায়
সান্ধ্য বাতাসে পাখিটি ডানা ঝাপটায়
ঠিকানা নিলামে ওঠে।
রূপালি আলোর ট্রেন থামে গোধূলির গ্রামে
অতঃপর যাত্রা শেষের হুইসেল।
পরদেশী মুসাফির সবিতার আলো গোনে হাঁটে
শেষ প্রান্তে আঁধারের লাল চোখ
পথ ফেলে শেষমেশ পাথেয়র খোঁজ।
জীবন বড়শি বেঁধা টোপ গেলা মাছ
ছিপের স্বল্প সুতোয় কতটুকু ভোগ-চাষ!
কী করে মানুষ হয় এত স্বৈরাচার
কী করে মানুষ চায় এত স্বাধীনতা!
সুউচ্চ আকাশ-সুখে মাতোয়ারা ঘুড়ি
নিঃসীম নীলিমায় সাঁতরায়,
সুতোটায় টান পড়ে,
অবশেষে নাটাইয়ে চলে আসা।



