
পৃথ্বীকে অভিনব শুভেচ্ছা মুম্বই পুলিশের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: স্কুল ক্রিকেটে পাঁচশো রান করাই হোক, অথবা রঞ্জি ও দলীপ অভিষেকে শতরান৷ মুম্বইয়ের মানুষের কাছে অত্যন্ত প্রিয় পৃথ্বী শ৷ এহেন তরুণ ওপেনারের টেস্ট অভিষেকেই দুরন্ত সেঞ্চুরি শুধু মুম্বইয়ের ক্রিকেটমহলকেই নয়, আপ্লুত করেছে সর্বস্তরের মানুষকেই৷ মুম্বই পুলিশও যারপরনাই খুশি পৃথ্বীর এমন কৃতিত্বে৷ পৃথ্বীকে অভিনন্দন জানাতে ভুল করেনি মুম্বই পুলিশ৷ তবে সেই অভিনন্দন বার্তায় ছিল অভিনবত্ব৷
শতরান করার পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে পৃথ্বীর অভিবাদন স্বীকারের ছবি পোস্ট করে মুম্বই পুলিশের তরফে লেখা হয় আমাদের ১০০ থেক তোমার একশো! শুরুটা সবসময় একটা দারুণ শুরু৷ তোমার জন্য অনেক শুভকামণা রইল৷’
অভিনবত্ব আসলে এই ‘আমাদের ১০০’তেই৷ পুলিশের আপৎকালীন টোল ফ্রি হেল্পলাইন ১০০’র সঙ্গে পৃথ্বীর শতরানের তুলনা করা হয়েছে এখানে৷ ছবিতে ‘অভিনন্দন পৃথ্বী শ’এর শেষে চারটি ডব্লিউ ব্যবহার করে ‘ওয়াও’এর রেশ টানা হয়েছে৷ এছাড়া বড় বড় করে লেখা রয়েছে ১০০ সবসময় সাহায্য করে! ডায়াল ১০০৷
From our 100 to yours! It’s always a good start… the very best to you @PrithviShaw #Dial100 pic.twitter.com/G6BRVK0FAy
— Mumbai Police (@MumbaiPolice) October 4, 2018
পৃথ্বীকে নিয়ে মু্ম্বই পুলিশ গর্বিত হলেও এর আগে জয়পুর পুলিশ কার্যত অপমান করে জসপ্রীত বুমরাহকে৷ গতবছর ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফকর জামানকে আউট করেন বুমরাহ৷ কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় বুমরাহর পা পপিং ক্রিজ অতিক্রম করে গিয়েছে৷ ফলে আম্পায়ার নো বল ডাকে৷ সে যাত্রায় জীবনদান পাওয়া ফকরই শতরান করে ভারতের কাছ থেকে ট্রফি ছিনিয়ে নিতে সাহায্য করেন পাকিস্তানকে৷
জয়পুর পুলিশ বুমরাহর নো বল করার ছবিটিকে হোর্ডিং করে ট্রাফিক সচেতনতার কাজে ব্যবহার করে৷ যেথানে লেখা হয় ‘সীমা অতিক্রম কোরবেন না৷ আপনারা জানেন লাইন পার করলে মূল্য চোকাতে হতে পারে৷’ পরে ফয়জলাবাদ সিটি ট্রাফিক পুলিশও জয়পুর পুলিশের হোর্ডিংটিকে নকল করে৷



