
আমি মাটির কাছে চেয়েছিলাম
মাটির সতেজ সোঁদাগন্ধ,
সে বিদ্রুপের হাসি হেসেছিল।
বৃক্ষের কাছে চেয়েছিলাম
সুনিবিড় সুশীতল ছায়া,
সে দেখিয়েছিল মরুবালুচর।
নদীর কাছে চেয়েছিলাম
কলকল ছলছল উচ্ছ্বাসে
মুখরিত ঢেউ খেলানো শব্দ,
সে শুনিয়েছিল হৃদয়ভাঙ্গার গান।
অবশেষে পেলাম পূর্ণিমার কাছে অমাবস্যা,
আকাশের কাছে শূন্যতা, চাঁদের কাছে নীরবতা
তবুও নিষ্ঠুর দৃষ্টি অপেক্ষা করে সাংগ্রাইয়ের কাছে
ছুটে চলেছি প্রাপ্তির আশায়।



