
প্রণোদনা প্যাকেজ বিল পাস, ২৭ হাজার কর্মচারীর সাময়িক ছুটি প্রত্যাহার
আমেরিকান এয়ারলাইন্সের সিইও কর্মচারীদেরকে সাময়িক ছুটির নোটিশ 'ছিঁড়ে' ফেলতে বলেছেন!
জাহান আরা দোলন, এবিসি নিউজ অবলম্বনে :
হাউস থেকে ১ লক্ষ ৯০ হাজার কোটি ডলারের কোভিড-১৯ ত্রাণ প্যাকেজ পেরোল সাপোর্ট প্রোগ্রামের অন্তর্ভুক্ত বিল পাস করায় আমেরিকান এয়ারলাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্স বুধবার প্রায় ২৭ হাজার কর্মচারীর সাময়িক ছুটি প্রত্যাহার করেছে। আমেরিকার সিইও ডগ পার্কার এবং প্রেসিডেন্ট রবার্ট আইজোম বুধবার একটি স্মারকে কর্মীদের জানিয়েছেন, ফেব্রুয়ারিতে তারা যে সাময়িক কর্মবিরতির নোটিশ পেয়েছেন সেগুলো, ‘সন্তুষ্টির সাথে বাতিল করা হয়েছে, -ওগুলো ছিঁড়ে ফেলতে পারেন!’
করোনা ভাইরাস চিকিৎসাসেবা, ত্রাণ এবং অর্থনৈতিক সুরক্ষা (সিএআরইএস) আইনের অন্তর্ভুক্ত বেতন তহবিলের পুনর্নবীকরণ করা না হলে এপ্রিল থেকে তাদেরকে সাময়িক কর্মবিরতিতে যেতে হতে পারে বলে আমেরিকান ও ইউনাইটেড যথাক্রমে ১৩ হাজার এবং ১৪ হাজার কর্মচারীকে অগ্রিম সতর্কবার্তা দিয়ে রেখেছিল।
ইউনাইটেডের সিইও স্কট কির্বি তার দেওয়া বিবৃতিতে বলেন, ‘পিএসপি (পেরোল সাপোর্ট প্রোগ্রাম) বর্ধিত করণের মাধ্যমে, আমাদের টিম তাদের প্রশিক্ষণ বহাল রাখতে সক্ষম হবে এবং ভবিষ্যতের প্রয়োজনীয় চাহিদা মেটাতে প্রস্তুত থাকবে। সেপ্টেম্বরের মধ্যেই কয়েক হাজার ফ্রন্টলাইন কর্মী বেতন ভাতা এবং স্বাস্থ্যসেবা পাবেন, যেটা ভ্যাকসিন বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’
১৫শ’ কোটি ডলারের সহায়তার একটি অংশ পাওয়ার শর্ত হিসেবে, এয়ারলাইন্সকে ৩০ সেপ্টেম্বরের আগে কর্মচারীদের সাময়িক বিরতিতে না পাঠানোর বিষয়ে সম্মত হতে হবে। যদিও ভ্যাকসিনেশন চালু হওয়ার সঙ্গে সঙ্গে এয়ারলাইন্সগুলি পরিস্থিতি পুনরুদ্ধারের সম্ভাবনা লক্ষ্য করেছে, অবশ্য যাত্রী সংখ্যা এখনো গত বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ কম।
যুক্তরাষ্ট্রীয় বিমান সংস্থা, যা মার্কিন সকল এয়ারলাইন্সের প্রতিনিধিত্ব করে, তাদের অনুমান অনুযায়ী যাত্রীবাহী বিমানগুলো এখনো প্রতিদিন প্রায় নগদ ১৫ কোটি ডলার খরচ করছে।
এফোরএ প্রেসিডেন্ট নিক কালিও বুধবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা প্রশাসন প্রণীত এই আইন সম্পর্কিত কাজের তারিফ করি এবং রাষ্ট্রপতি বাইডেনকে এআরপি আইনে দ্রুত স্বাক্ষরের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।’
ভ্রমণকারীদের টেস্ট ফলাফল এবং টিকাদানের ডিজিটাল প্রমাণ প্রদর্শনের অনুমতি প্রদানকারি অস্থায়ী কোভিড-১৯ স্বাস্থ্য প্রমাণপত্রাদি উন্নয়নের অনুরোধ জানিয়ে সোমবার এফোরএ এবং প্রায় ৩০টি ট্র্যাভেল গ্রুপ একত্রে বাইডেন প্রশাসনের কাছে সম্মিলিত আহ্বান জানিয়েছেন। তাদের বিশ্বাস এতে করে যাত্রীদের আস্থা বৃদ্ধি পাবে এবং ভ্রমণকারীদের জন্য আতঙ্কজনক কোয়ারেনটাইন বিধি দূর হবে।
ট্রাভেল গ্রুপগুলো সোমবার কোভিড-১৯ রিকভারি টিম কোঅর্ডিনেটর জেফ জিয়েন্টসকে লেখা এক চিঠিতে, ‘এই উন্নয়নে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিতে হবে’ বলে তাদের বক্তব্য পেশ করেছে। ‘ বর্তমানে বিভিন্ন দেশের বিমান ভ্রমণের টেস্টে ব্যবহৃত বিভিন্ন ধরণের খণ্ড খণ্ড ডিজিটাল স্বাস্থ্য প্রমাণপত্রগুলো বিভ্রান্তি তৈরি করে, আস্থায় ঘাটতি সৃষ্টি করে এবং জালিয়াতি বৃদ্ধি করে।’
মঙ্গলবারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি’কে মান সম্মত ডিজিটাল হেলথ পাসপোর্ট বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, মার্কিন সরকারের মূল মনোযোগ এখন, ‘যতবেশি সম্ভব জনগণকে ভ্যাকসিনেটেড করার বিষয়ে’ রয়েছে।
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, ইতিমধ্যে টিকা গ্রহণকারীদেরও ভ্রমণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত।❐



