খেলা

প্রাইভেট জেট ব্যবহার করে খেলা দেখতে গিয়ে পৃথিবীর বিশাল ক্ষতি করেছেন ফিফা প্রেসিডেন্ট

মাঠের লড়াইয়ের পাশাপাশি চলতি বিশ্বকাপের কার্বন নিঃসরণ ও পরিবেশগত প্রভাব নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। জার্মান সাময়িকী ‘ডার স্পাইজেল’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ চলাকালে বিভিন্ন ম্যাচে উপস্থিত থাকতে ইনফান্তিনো প্রাইভেট জেটে যে পরিমাণ দূরত্ব পাড়ি দিয়েছেন, তা গোটা পৃথিবীকে দুবার প্রদক্ষিণ করার সমান।

‘ডার স্পাইজেল’-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে ফিফা সভাপতি প্রাইভেট জেটে মোট ৯৩ হাজার ৫২৪ কিলোমিটার পথ ভ্রমণ করেছেন। এই বিপুল পরিমাণ ফ্লাইটের কারণে বাতাসে প্রায় ৮১৩ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে, যা পরিবেশের জন্য চরম ক্ষতিকর। কাতারের দোহায় তার দুটি দীর্ঘ দূরত্বের ফ্লাইট এই হিসাবের বাইরে রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তুলনামূলক চিত্রে দেখা যায়, সুইজারল্যান্ডের একজন সাধারণ নাগরিক বছরে গড়ে ১২ মেট্রিক টন কার্বন নির্গমন করে থাকেন। অথচ ইনফান্তিনো মাত্র কয়েক ঘণ্টার একটি প্রাইভেট জেট ভ্রমণেই সেই সমপরিমাণ কার্বন নিঃসরণ ঘটিয়েছেন, যা পরিবেশবাদীদের নতুন করে ক্ষুব্ধ করেছে।

শুধু ফিফা সভাপতি নন, এই বিশ্বকাপ চলাকালে সার্বিকভাবেই প্রাইভেট জেট ব্যবহারের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিমান চলাচল বিশ্লেষক প্রতিষ্ঠান ‘উইংএক্স’ টুর্নামেন্টের শুরুতেই পূর্বাভাস দিয়েছিল যে, বিশ্বকাপ উপলক্ষে অতিরিক্ত ৭৩ হাজার ২০০টি ফ্লাইট পরিচালিত হবে। প্রাইভেট জেট সেবাদাতা প্রতিষ্ঠান নেটজেটস এবং সেন্টিয়েন্ট জেট কর্তৃপক্ষও জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচ ঘিরে তাদের ফ্লাইটের চাহিদা ছিল নজিরবিহীন। বিমান চলাচল বিশেষজ্ঞ হাইনরিশ গ্রসবোঙ্গার্ট এই পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ বলে মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপ শুরুর আগে থেকেই পরিবেশবাদী সংগঠনগুলো ফিফার কঠোর সমালোচনা করে আসছিল। ‘গ্রিনপিস’ এই আসরকে ‘টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে জলবায়ু-বিধ্বংসী বিশ্বকাপ’ হিসেবে আখ্যায়িত করেছিল।

তাদের অভিযোগ, এবারের আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ার কারণে ম্যাচের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি যাতায়াত এবং কার্বন নিঃসরণের মাত্রাও কয়েক গুণ বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে ফিফা সভাপতির মাত্রাতিরিক্ত প্রাইভেট জেট ব্যবহারের খবর প্রকাশ পাওয়ায়, বৈশ্বিক এই ফুটবল সংস্থার পরিবেশগত দায়বদ্ধতা এখন বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension