
সারমিন চৌধুরী
বেমালুম ভুলে যাচ্ছি অনেকিছু
ক্রমশ হ্রাস পাচ্ছে হৃদয়ের চাহিদা-জোগান
মনের পোয়ালা থেকে যেন গড়িয়ে যাচ্ছে প্রেম
বিদঘুটে সন্ধ্যায় মদ-মদিরার উন্মত্ত বসতিতে
স্মৃতি থেকে লুপ্ত হচ্ছে আত্মার আলাপচারিতা
সীমাহীন দূরত্বে নামহীন রাত্রি বসাচ্ছে ফাঁদ
ঠাট্টার ছলে আঁকছে ঠোঁটে নিষিদ্ধ চুম্বন।
মৃত্যুর চেয়ে অধিক বেদনায় কেঁদেছে যে মন
তবু মাড়াইনি চেনা পথ পাথরচাপা অভিমানে
রোদমগ্ন দিনে ঝাপ মারিনি গাঙুরের জলে।
শ্রীভ্রষ্ট সময়ে লতার ন্যায় নুয়ে গেছে হৃদয়
জীর্ণশীর্ণ আবেগের অকাল পরিপক্বতায়।
যে ঊষালগ্ন প্রাণে ছিল মরুর পিপাসা,
কেন সেই হৃদয় আকাশে মেঘ উড়ে এসে
প্রাণো-মাঠে বুনছে মৃত আশার বীজ?
সারি সারি শীত এসে মায়ার ডালা খুলে বসছে
ছোঁয়ায় দিতে প্রেমের মাপকাঠি সর্বাঙ্গ জুড়ে
আহত বিশ্বাসে রাখতে স্নিগ্ধ কুয়াশার ছাপ।
কিন্তু এত যোগানের প্রাচুর্যতা থাকার সত্বেও
এই জীবনে এখন চাহিদার প্রয়োজন শূন্য।



