
হাফিজুর রহমান
আমার উৎকণ্ঠা বাড়ানোয় তোমার অভিমানী চোখ,
অস্থিরতার চাবুকে তাড়া করানোয় ছুটছি—
সরিয়ে বর্ষার ঘনকালো মেঘ, ক্লান্তি ভোলানো আমার
দেখতে রবির হাসি, আমি- আমি ভীষণ ভালোবাসি।
পথ হারিয়ে দিক ভুলে খুঁজে বেড়ানো হৃদয় তলদেশে
প্রশান্তি মেশানো উষ্ণ স্পর্শের শতবর্ষীয় অনুরাগ।
দেখতে বড় ইচ্ছে করে, ইচ্ছে করে ভীষণ জানতে,
ঢেকে যাওয়া অনেক দিনে— বিতৃষ্ণার খোসায়;
আমার চেনাজানা— তোমার তুমিটা কেমন আছে?
ভালোবাসার বাগানে ফোটে না ফুল হাসনাহেনা,
হাসে না জুঁই-চামেলি, পাখিরা আর গায় না গান!
ভুলে— কখনও বা ভুলে যাই, আমারও আছে প্রাণ।



