
সারমিন চৌধুরী
ঘুম আসে না দুটি চোখের পাতায়
বিষণ্ণতায় কাটে সারা রাত,
তুমি আসবে চেনা পথে চুপিসারে
প্রেমরঙে রঙিন হবে প্রভাত।
শীতল স্পর্শে ছুঁয়ে দিবে তনুকায়া
অভিমান গলে হবে জলধারা,
আমার প্রতি নিঃশ্বাসে মিশে যাবে
সুদীর্ঘ আকাঙ্ক্ষিত কামনারা।
গায়ের আঁচল আজ আগল ছাড়ে
তোমাকে জড়িয়ে নিতে বাহুতে,
মুখের প্রলাপ লাজে মরছে আঁধারে
অনুভূতি জিইয়ে রাখি নিভৃতে।
ফুলে ফুলে সাজিয়েছি মন অলিন্দ
বাতাসে হচ্ছে আজ কানাকানি,
ছড়িয়ে যাক অলিগলি পাড়া-মহল্লা
হোক না সর্বজনেই জানাজানি।
বুঝেও ভান ধরি জানি ক্ষণিকেরই
তবু স্মৃতিতে উজ্জ্বল থাকবে সব,
চঞ্চল হৃদয় থমকে যাবে আচমকা
থেমেই যাবে চারপাশের কলরব।



