
প্রেসক্লাবের অভিষেক উৎসব ৩ মে
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি)’র নতুন কমিটির অভিষেক ৩ মে। এ উপলক্ষে গত শনিবার অভিষেক-উৎসব কমিটির আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ক্লাবের নির্বাহী সদস্য ফারহানা চৌধুরীর সঞ্চালনায়।
কার্যকরী কমিটি এবং সাব-কমিটির অধিকাংশ সদস্য-কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় জানানো হয় যে, সকলের সুবিধার্থে বাঙালি মালিকানাধীন ‘বেলাজিনো পার্টি সেন্টার’-এই সন্ধ্যা ৭টা থেকে এ অনুষ্ঠান শুরু হবে। অতিথির একটি তালিকাও তৈরী করা হয়েছে। দু’বছর আগের অভিষেক উৎসবের চেয়েও জমজমাট আকারে এটি করতে সকলে নিজ নিজ অবস্থান থেকে কাজের অঙ্গিকার করেন। এ উৎসবের মধ্য দিয়ে নতুন কমিটির কর্মকর্তারা প্রবাস ও মূলধারার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে পরিচিত হবার সুযোগ পাবেন এবং এই সেতুবন্ধনের মধ্য দিয়ে ক্লাবের সদস্যরা পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে।
এ সভায় অভিষেক উৎসবের সামগ্রিক বিষয়াবলী নিয়ে আলোচনা করেন ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার, কমিশনের সদস্য জাহেদ শরিফ, ক্লাবের সভাপতি লাবলু আনসার, সহ-সভাপতি আকবর হায়দার কিরন, কোষাধ্যক্ষ মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, সদস্য নিহার সিদ্দিকী, সাজ্জাদ হোসেন, আমজাদ হোসেন, শাহ ফারুক, প্রধান নির্বাচন কমিশনার রাশে আহমেদ প্রমুখ ।এনআরবি নিউজ



