
ফুরসত পেলে, এ শহর ফেলে,
পলাতক হবো একদিন
ঘুম ভাঙা ভোরে,মেঠো পথ ধরে
রেখে যাবো জীবনের ঋণ।
রেখে যাবো কায়া, যত মিছে মায়া
রেখে যাবো ক্ষণিকের মোহ
অগণিত সুখ,কত চেনা মুখ,
শত শত ব্যথা দুঃসহ।
কোকিলের গান, শিউলির ঘ্রাণ
রেখে যাবো ভিনদেশি মেঘ
আবদারী চোখ,অভিমানী শোক
রেখে যাবো টুকরো আবেগ।
আষাঢ়ে আকাশ, উদাসী বাতাস
রেখে যাবো বাউলের সুর
রেখে যাবো রেশ, কিছু অবশেষ
চলে যাবো দূর বহুদূর।
মনে রাখো যদি, ডাকো নিরবধি
চাও যদি সঙ্গ আমার
পিছুটান দেখে, অভিমান রেখে
কথা দিই, ফিরবো আবার।



