
মাকসুদা খাতুন দোলন
মনে পড়ে এই তো সেদিন
খেলেছি নানান খেলা,
ধুলো মাখা ক্লান্ত গায়ে
ফিরেছি সাঁঝের বেলা।
দলবেঁধে ছুটেছি, কত খেলেছি
গোল্লাছুট, দাড়িয়াবান্ধা,
কুতকুত, কড়ি আর কানামাছি
সবই স্মৃতিতে গাঁথা।
বৈশাখ মাসের তপ্ত দুপুরে
খেলেছি চড়ুইভাতি বটতলায়,
মাটির উনুনে আলু পুড়ে
খেয়েছি অমৃতভর্তা কলাপাতায়।
কাঁঠালপাতার ছাউনি খেলাঘরে
দিয়েছি পুতুল বিয়ে,
কদমা,পানসুপোরি খেয়েপরে,
ফিরেছি নিজ আলয়ে।



