
ফের হামলা, গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ফের এক সাংবাদিকের উপর হামলাল গুলিবিদ্ধ হলেন দিল্লির এক মহিলা সাংবাদিক।
শনিবার মধ্যরাতে সাংবাদিকের ওপর হামলা চালায় একদল মুখোশধারী দুষ্কৃতীর বিরুদ্ধে। দিল্লির সাংবাদিক মিতালি চান্দোলাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে বলে অভিযোগ। নয়ডার বাসিন্দা মিতালি পেশায় সাংবাদিক। নয়ডাতেই কাজ করেন তিনি।
দিল্লি পূর্বের বসুন্ধরা এনক্লেভের সামনে দিয়ে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সাড়ে বারোটা নাগাদ সময় আচমকাই একটি মারুতি সুইফট তাঁর পথ আটকে দাঁড়ায়। তারপরেই পরপর মিতালিকে লক্ষ্য করে দুটি গুলি চালায় তারা। পুলিশ সূত্রে খবর, একটি গুলি গাড়ির সামনের উইন্ডস্ত্রিন ভেঙে দেয়। অন্যটি এসে লাগে মিতালির হাতে। পুলিশের কাছে সাংবাদিকের অভিযোগ, পালানোর আগে দুষ্কৃতীরা গাড়ি লক্ষ্য করে পচা ডিমও ছুঁড়ে মারে।
গুরুতর আহত অবস্থায় মিতালিকে ভর্তি করা হয় ধর্মশালা হাসপাতালে। বর্তমানে তিনি বিপন্মুক্ত। কী কারণে গুলি চলল সাংবাদিকের ওপর, এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, কারা, কেন এভাবে সাংবাদিক মিতালিকে আক্রমণ করল জানতে তদন্ত শুরু হয়েছে। এর পিছনে পুরনো শত্রুতার জেরে এই আক্রমণ কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
পারিবারিক বিবাদের জেরে হামলার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। কারণ, পুলিশি জিজ্ঞাসাবাদের মিতালি জানান, পারিবারিক অশান্তিও রয়েছে তাঁর।
প্রসঙ্গত, এভাবেই ২০০৮-এ রাত সাড়ে তিনটে নাগাদ দুষ্কৃতী হামলায় নিহত হয়েছিলেন ২৬ বছরের সাংবদিক সৌম্য বিশ্বনাথন। মিতালির মতোই তিনিও দিল্লি দক্ষিণের বসন্তকুঞ্জ দিয়ে সেসময় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন।



