
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশ
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে বুধবার (১৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম বইমেলা ফ্রাঙ্কফুর্টার বুকমেস ২০১৯। ৭১তম এই বই মেলার স্বাগতিক দেশ জার্মানির সাথে এবারের অতিথি আয়োজক দেশ নরওয়ে। মেলায় ১১০ দেশের ৭৫০০ প্রকাশক ও ৪ হাজারেরও বেশি পরিবেশক অংশ নিচ্ছেন।
মেলায় বাংলাদেশও অংশ নিয়েছে প্রতিবছরের মত। প্রথম দিনে বাংলাদেশ স্টলের উদ্বোধন করেন ফ্রাঙ্কফুর্ট বইমেলার প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট জর্গান বোস এবং অন্যান্য কর্মকর্তারা। এ সময় আন্তর্জাতিক পাবলিশার্স এসোসিয়েশন -এর প্রেসিডেন্ট মি. হুগো এবং সেক্রেটারি জেনারেল মি. জো’ও সাথে ছিলেন।

পাঁচ দিনব্যাপী বইমেলার বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি ও সময় প্রকাশনীর সত্বাধিকারী ফরিদ আহমেদ। ফ্রাঙ্কফুর্ট নিবাসী সংগঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতিকর্মী হামিদুল খান বলেন, বিশ্বের সব চাইতে বড় এই বইমেলায় প্রাণের দেশ বাংলাদেশ অংশ নিচ্ছে এটা সবসময় গর্বের। তবে স্টলে দেশী লেখকদের আন্তর্জাতিক মানের বই আরো বেশি প্রদর্শনের বিষয়ে এগিয়ে আসতে সবার প্রতি আহবান জানান তিনি। মেলায় কয়েক লাখ পাঠক ও ১০ হাজারেরও বেশি সাংবাদিক প্রত্যাশা করছে মেলা কর্তৃপক্ষ।



