
ফ্লোরিডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কয়েক ডজন লোককে বহনকারী একটি বাস দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের রাজধানী গেইনসভিলের প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণে ডানেলনে স্থানীয় সময় মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে। রাজ্য হাইওয়ে টহলের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আরো আটজনের অবস্থা গুরুতর এবং অন্য ৪০ জন হাসপাতালে চিকিৎসাধীন।
ফ্লোরিডার কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তারা ডানেলনের তরমুজ খামার ক্যানন ফার্মে কাজ করতে যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলটি যে রাস্তায়, সেটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব হাইওয়ে সেফটি অ্যান্ড মোটর ভেহিকলস এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষে একটি বাস এবং ২০০১ সালের একটি ফোর্ড রেঞ্জার ট্রাক জড়িত ছিল।
সংঘর্ষের ফলে বাসটি একটি বেড়ার মধ্য দিয়ে চলে গিয়ে উল্টে যায়।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলেছে, দুর্ঘটনাস্থলের কাছাকাছি একটি স্কুলবাস কিছু লোককে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। মেরিয়ন কাউন্টি ফায়ার রেসকিউ একটি বিবৃতিতে নিশ্চিত করেছে, স্কুলবাসটি দুর্ঘটনায় জড়িত ছিল না।
এদিকে দুই গাড়ির সংঘর্ষের কারণ এখনো অজানা রয়ে গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রল ঘটনাটি তদন্ত করছে।



