প্রধান খবরবাংলাদেশ

‘বঙ্গবন্ধুর বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে বই আসছে’

রূপসী বাংলা ডেস্ক:১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইনটিলিজেন্স ব্রাঞ্চ-আইবির প্রতিবেদন বই আকারে প্রকাশ হচ্ছে। সব মিলিয়ে ৪০ হাজার পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ হবে ১৪টি খণ্ডে।

এরই মধ্যে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা প্রতিবেদন ছাপা হয়ে গেছে। অচিরেই প্রকাশনা উৎসব করে এটি প্রকাশ করা হবে।

জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে অসংখ্য বই, কবিতার ভিড়ে তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ডায়রি ‘কারাগারের রোজনামচা’ তুমুল সমাদৃত হয়েছে। বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনের এই পুরোধার নিজের চিন্তা-চেতনা, আদর্শ-দর্শন এবং কৈশোর-যৌবনের কর্মকাণ্ডের বিষয়টি জানা গেছে এই দুটি বইয়ে।

বই দুটি প্রকাশের পর এমনকি আওয়ামী লীগের বিরোধীরাও ক্ষমতাসীন দলকে বঙ্গবন্ধুর উদাহরণ দিয়ে সমালোচনা করে থাকে।

এর মধ্যে এই গোয়েন্দা প্রতিবেদন বই আকারে এলে সেটি বাংলাদেশের ইতিহাসের আরেক দলিল হবে বলে মনে করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবনে আওয়ামী লীগের ধারাবাহিক বিশেষ বর্ধিত সভার তৃতীয় ও শেষ পর্বে বক্তব্য রাখার সময় এই গোয়েন্দা প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করেন দলের সভাপতি।

শেখ হাসিনা বলেন, ‘এসব রিপোর্ট বঙ্গবন্ধুর বিরুদ্ধে লেখা। এর মাধ্যমেই কিন্তু বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, সবই পাওয়া যায় এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রিপোর্টও আছে। আমি সেই রিপোর্টও আনব, সেটাও আমি ছাপাব।’

‘এই তথ্যগুলো আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ। জনগণের জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন, কত কষ্ট করে আমরা স্বাধীনতা অর্জন করেছি।’

১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর এই প্রতিবেদনগুলো পড়ার কথা জানান বঙ্গবন্ধু কন্যা। বলেন, ‘ক্ষমতায় আসার পর আমাদের যে গোয়েন্দা সংস্থার রিপোর্ট, সেই রিপোর্টে কী আছে তা দেখতে চাইলাম।’

‘তখন দেশের ইনটিলিজেন্স ব্রাঞ্চ-এখন আমরা বলি এসবি-স্পেশাল ব্রাঞ্চ। ১৯৪৭ সাল থেকে ৭১ সাল পর্যন্ত জাতির পিতার বিরুদ্ধে আইবি কী কী রিপোর্ট দিয়েছিল আমি সমস্ত ফাইল নিয়ে আসি।’

‘৪৭ টা ফাইল মাত্র একজন নেতার নামে। আরও অনেক নেতার ফাইল আমি দেখেছি, এই একটা পাতলা ফাইল ছাড়া আর কিছু নাই।’

‘আমি ওই রিপোর্টগুলো দেখলাম। এবং বেবী মওদুদ, সে মারা গেছে, সে আমার সাথে ছিল। আমরা দুইজন মিলে রিপোর্টগুলো দেখলাম এবং দেখার পরে সিদ্ধান্ত নিলাম এটা আমাদেরকে প্রকাশ করতে হবে।’

এই প্রতিবেদন ছিল সরকারের গোপন নথি। আর সেগুলো প্রকাশ করতে হলে তা প্রথমে ডিক্লাসিফাইড বা অবমুক্ত করতে হয়। ২০০৯ সালে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর সে কাজ শুরু করেন বঙ্গবন্ধু কন্যা।

৪৭ সাল থেকে ৫০ সাল পর্যন্ত রিপোর্ট ছাপানো হয়ে গেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এভাবে ১৪টা ভলিউম হবে। এই রিপোর্ট ১৪ খণ্ডে বের হবে। এখানে অনেক বেশি পাতা, প্রায় ৪০ হাজার পাতা। সেখানে আমরা কিছু কমিয়েছি… বারবার পুনরাবৃত্তি আছে। সেখানে আমি এডিট করেছি। কিন্তু তথ্যে আমরা এডিট করিনি।’

বঙ্গবন্ধু তখন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে নানা সময় যে চিঠি পাঠাতেন, সেগুলোও এই বইয়ে থাকবে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘সেই চিঠিও পাবেন এবং বহু তথ্য সেখানে রয়ে গেছে।’

বঙ্গবন্ধু ডায়েরি লিখতেন এবং কারাগারে লেখা ডায়েরির দুটি খণ্ড বাজেয়াপ্ত করা হয়েছিল। এর একটি পাওয়া গেছে বলেও জানান তার কন্যা।

‘সেটা আমরা কারাগারের রোজনামচা- প্রথম যে বইটি, সেখানে বলা আছে, থালাবাটি কম্বল, জেলখানার সম্বল-এই খাতাটা হারিয়ে গিয়েছিল। এই খাতাটা এত বছর পর এসবির লোকেরা আমাকে খুঁজে বের করে দিয়েছে। এই রিপোর্টটা আমরা ছাপিয়ে দিচ্ছি।’

প্রকাশ হবে আগরতলা মামলার শুনানি

পাকিস্তান আমলে ভারতের আগরতলায় বসে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করার ষড়যন্ত্রের অভিযোগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে মামলার বিচারে কী কী কথা হয়েছিল, সেটিও প্রকাশ হবে বই আকারে।

শেখ হাসিনা বলেন, ‘আগরতলা ষড়যন্ত্র মামলার যে প্রসিডিংস, সেটাও আমি হাইকোর্ট থেকে এনেছি এবং সেটা ছাপানোর কাজও শুরু করে দিয়েছি। সেটাও এডিট করে দিয়েছি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension