
বঙ্গবন্ধু মেডিকেলে খালেদার দুই ঘণ্টা
রূপসী বাংলা ডেস্ক:শুক্রবার রাত থেকেই শোনা যাচ্ছিল কারাগার থেকে পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কারাগারের আশপাশের পরিস্থিতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি দেখে নিশ্চিত হওয়া যায় তাকে আনা হচ্ছে চিকিৎসার জন্য।
সকাল সোয়া ১১টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগার থেকে কালো রঙের একটি গাড়িতে খালেদা জিয়াকে নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলের দিকে রওনা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশের ওই গাড়ির সামনে পেছনে ছিল একটি অ্যাম্বুলেন্স এবং আরও দুটি গাড়ি। আগে-পিছে ছিল র্যাবের কড়া পাহারা।
কঠোর নিরাপত্তার মধ্যে সাড়ে ১১টার কিছু সময় পরই হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। সাদার ওপর কালো রঙের জামদানি প্রিন্টের শাড়ি পরা খালেদা জিয়া হেঁটেই নামেন গাড়ি থেকে, ওঠেন কেবিন ব্লকের লিফটে। এ সময় তার চোখে ছিল রঙিন চশমা।
হাসপাতালে নেয়ার পর বিএনপি প্রধানকে নেয়া হয় কেবিন ব্লকের ৫১২ নম্বর কক্ষে। চারজন চিকিৎসক অধ্যাপক এম আলী, ফয়েজুর রহমান, এস এম সিদ্দিক ও মো. মামুনকে নিয়ে সেখানে যান বিএসএমএমইউর পরিচালক আবদুল্লাহ আল হারুন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এরা সেই বোর্ডের সদস্য নন।
ততক্ষণে খালেদা জিয়ার আগমনকে ঘিরে হাসপাতালের ভেতরে ও আশপাশে নেতাকর্মীরা জড়ো হন। গেইটের সামনে নেতাকর্মীদের সরাতে পুলিশ মৃদু লাঠিপেটাও করে। এ সময় কয়েকজনকে আটক করে তারা।
পরে পুরো এলাকায় পোশাকধারী পুলিশ, গোয়েন্দা পুলিশ ছাড়াও বিপুল সংখ্যক র্যাব সদস্য কড়া পাহারা বসায়। মূল ফটক দিয়ে সাংবাদিক ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।
৫১২ নম্বর কক্ষে ঘণ্টাখানেক পর সেখান থেকে এক্সরে কক্ষে নেয়া হয় বিএনপি প্রধানকে। সেখানে একাধিক এক্সরের পর তাকে বের করে গাড়িতে তোলা হয়। তখন বেলা প্রায় দেড়টা।
দুই ঘণ্টা পর বেলা দেড়টার দিকে খালেদা জিয়াকে নিয়ে কারাগারের পথে রওনা হয় একই গাড়ি আগের মতোই পাহারা নিয়ে। পৌনে দুইটার দিকে নাজিমউদ্দিন সড়কের কারাগারে ঢোকে গাড়িটি।
কারাগারের উদ্দেশে রওনা হওয়ার আগে বিএনপি নেতাকর্মীরা ‘ম্যাডাম, ম্যাডাম’ বলে চিৎকার করে ওঠেন। এসময় তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
খালেদা জিয়ার হাসপাতাল ছাড়ার পর ব্রিফিং করেন হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল হারুন বলেন, ‘এখানে ওনার কেবল এক্সরে হয়েছে। একাধিক এক্সরে হয়েছে। অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা কারাগারেই হয়েছে।’
এক্সরে প্রতিবেদন কখন পাওয়া যাবে-এমন প্রশ্নে হাসপাতাল পরিচালক বলেন, ‘আমরা আশা করছি রবিবারের মধ্যে এক্সরের রিপোর্ট হাতে পাব। আমরা সেটা কারা কর্তৃপক্ষকে হস্তান্তর করলে তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত বোর্ডকে রিপোর্ট দেবে।’
বিএনপি নেত্রী যতক্ষণ হাসপাতালে ছিলেন ততক্ষণ হাসপাতালের সামনের ওষুধের দোকানগুলো বন্ধ করে দেয়া হয়। এক্সরে বিভাগে অন্য কোনো রোগী এবং ব্যাংকে টাকা জমা নেয়াও বন্ধ ছিল।
খালেদা জিয়া চলে যাওয়ার পরই হুড়মুড় করে রোগী ও স্বজনরা এই বিভাগে ঢুকে পড়েন। এ সময় অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
রাজধানীর ডেমরা থেকে আসা আবদুল জলিল এসেছেন তার মেয়ের চিকিৎসার জন্য। বহির্বিভাগে দেখানোর পর মেয়ের এক্সরে করাতে বলা হয়। ১১টার দিকে এক্সরে করাতে আসলে বলা হয়, আপাতত কাজ বন্ধ। পরে স্ত্রী ও সন্তানকে নিয়ে অন্যত্র বসে ছিলেন জলিল। খালেদা জিয়া চলে যাওয়ার পরপরই এক্সরে করানোর জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন তিনি।
ঢাকাটাইমসকে জলিল বলেন, ‘দুইটা ঘণ্টা মেয়েডারে নিয়ে বইসা থাকলাম খালি খালি। অতক্ষণে সবকাজ শেষ হয়ে যাইতো। সব জায়গায় দুর্ভোগ।’
পাশে দাঁড়িয়ে আনসার সদস্য জাকির হোসেন বলেন, ‘আমাদের কোনো কাজ বন্ধ ছিলো না। দেখেন সবকিছু ঠিকঠাকভাবে চলতেছে।’
গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর ঢাকার পুরান কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় বিএনপি নেত্রীকে। সেখানে বিএনপি নেত্রী অসুস্থ হয়েছেন বলে ২৮ মার্চ খবর ছড়ায়। সেদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বকশিবাজারের আদালতে হাজির হওয়ার কথা ছিল তার। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে তাকে আদালতে নেয়া হয়নি। পরদিন বিএনপি মহাসচিব খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে গেলেও অনুমতি না পাওয়ায় ফিরে আসেন। কারণ হিসেবে কারা কর্তৃপক্ষ খালেদার অসুস্থতার কথা জানায়।
সেদিনেই কারাগারে ঢাকার ভারপ্রাপ্ত সিভিল সার্জনের নেতৃত্বে একটি চিকিৎসক দল দেখে আসে বিএনপি নেত্রীকে। আর ১ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চারজন চিকিৎসককে দিয়ে গঠন হয় মেডিকেল বোর্ড। সেদিন তারা কারাগারে গিয়ে তার নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আর এই বোর্ডের সুপারিশ অনুযায়ী আজ বঙ্গবন্ধু মেডিকেলে এক্সরে করা হয়।
দেখা হয়েছে পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে
খালেদা জিয়াকে হাসপাতালে আনার খবরে তার প্রয়াত নেতা আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি বিএসএমএমইউতে আসেন। সঙ্গে নিয়ে আসেন বিএনপি নেত্রীর দুই নাতনিকে।
শুরুতে তারা সাক্ষাতের সুযোগ না পেলেও এক্সরে করার পর এক ফাঁকে তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
কেন্দ্রীয় নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব ও আইনজীবী মাহবুবউদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের সভানেত্রী মিরজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা রহমান প্রমুখ হাসপাতালে উপস্থিত ছিলেন।
খালেদা জিয়াকে দেখার জন্য সকাল থেকেই বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে এসে জড়ো হন। তবে কেবিন ব্লক এবং এক্সরে করার রুমের আশপাশে তাদের আসতে দেয়া হয়নি। তবে শীর্ষ নেতারা যারা আসছিলেন তাদের বাধা দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।



