
বর্ণিল আয়োজনে নারায়নগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা ইন্ক এর ফাগুন ও পিঠা উৎসব সম্পন্ন
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রবাস-প্রজন্মে বাঙালির ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে নানা রকমের পিঠা নিয়ে বর্ণালী এক পিঠা উৎসব হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।স্থানীয় সময় ১৬ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের হাটবাজার মিলনায়তনে নারায়নগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা ইন্ক এর আয়োজনে ফাগুন ও পিঠা উৎসবে প্রবাসী নারী-পুরুষ ও শিশুদের সমাগম ঘটে।উৎসবে শিশু-কিশোররা শীতের আমেজে পিঠা খেয়ে ভিন্ন এক আমেজে আবিষ্ট হয়। উৎসবকে বর্ণিল করতে পোষাকেও বৈচিত্র আনা হয়।

একইসঙ্গে চলে নাচ, গান আর পিঠা পুলির আপ্যায়ন। সংগঠনের জাহিদুর রহমান জনি ও বাবলী হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে, করতালির মধ্যে পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ‘ডাক্তার শামিম আহম্মেদ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম জানান বাঙালির ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসবের মতো অনুষ্ঠানের বিকল্প নেই । তিনি ভাষার মাসের কথা স্মরন করে আরও আহব্বান জানান নতুন প্রজন্মকে বাংলা শিক্ষার প্রতি গুরুত্ব দেয়ার । সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে মধ্য রাত অবধি। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন প্রবাসের শিল্পীরা ।




