
কখনো বলতে এসো না “তোমাকে ভালবাসি”।
কংক্রিটের দুনিয়ায় তীব্র অনীহা নিয়ে
দূর শুকতারার পানে এক বুক কোমল ভালোবাসার
বুভুক্ষিত প্রতীক্ষা নিয়ে তাকিয়ে থাকলে
তখন খোলা চুলে কিছুক্ষণ বসো আমার পাশে।
না! কোনও সান্ত্বনা নয়,
বরং আদরের চাদরে জড়িয়ে বলে দিয়ো—
“আমার কাছে তামাম দুনিয়ার কোন কিছুই
আপনার জীবনের চেয়ে দামি নয়।”
মন খারাপের দেশে যখন অকারণেই মনখারাপ হয়
তখন তুমি প্রণয়ের আহ্লাদী বাতাস হও,
চুলে আঙুল ডুবিয়ে
উড়িয়ে দাও দীর্ঘশ্বাস নামক কার্বন ডাই অক্সাইড।
আমার অশান্ত হৃদয়ে গড়ে তোল শান্তিনিকেতন,
প্রেম-পূর্ণতার পরশ মেখে জানিয়ে দিও দিয়ো—
“আসমান জমিনের কোনও কিছুতেই
আপনি ছাড়া আমি পূর্ণ নই।”
কোনও অভিযোগের অভিলাষ না রেখেই
তুমি না হয় আমার দুঃখ-অভিসার হও,
দায়িত্ব নাও আমার বাউণ্ডুলেপনার
আমার উড়নচণ্ডি স্বভাবের
বিরতিহীন ভালোবাসার অভাবের।
না! না! নিঃস্বার্থে নয়, সেখানে স্বার্থ থাকুক
ভালোবাসা বিনিময়াদি-স্বার্থ।
বলা না বলার মাঝে ভালোবাসা থাকে না।
তুমি কি জানো না,
ভালোবাসা থাকে অনুভবে, পারস্পারিক আবেগে
দায়িত্বে, মমতায় কিংবা যতনে!



