
বাংলাদেশেই ভেন্টিলেটর তৈরি করবে মিনিস্টার হাই-টেক
বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড দেশেই ভেন্টিলেটর তৈরির উদ্যোগ নিয়েছে।
‘মিনিস্টার সেফ লাইফ ভেন্টিলেটর-২০২০’ নামে ভেন্টিলেটর উৎপাদন আগামী সপ্তাহে শুরু হবে। প্রথম লটের ১০ শতাংশ ভেন্টিলেটর এফবিসিসিআই নিয়ে তা সরকারি হাসপাতালের মধ্যে বিনামূল্যে সরবরাহ করবে। রোববার মিনিস্টারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর জরুরি অক্সিজেন সরবরাহের জন্য দেশের হাসপাতালগুলোতে এখন ভেন্টিলেটরের চাহিদা বেড়ে গেছে। ভেন্টিলেটর তৈরির এই প্রক্রিয়ায় মিনিস্টারকে সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ কয়েকটি সরকারি-বেসরকারি হাসপাতাল ও বুয়েটের কয়েকজন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার।
এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশি প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড ভেন্টিলেটরের প্রোটোটাইপ তৈরি করেছে, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির পর তারা এটির পূর্ণ উৎপাদন শুরু করবে।
মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিক্সের চেয়ারম্যান ও এফবিসিসিআইর পরিচালক এম এ রাজ্জাক খান (রাজ) বলেন, ‘আগামী সপ্তাহে আমরা ১০০ ইউনিট ভেন্টিলেটর উৎপাদন করব। এরপর ৫০০, ১০০০ এবং পরবর্তী সময়ে চাহিদা অনুযায়ী এটি আমরা উৎপাদন করব। এই ভেন্টিলেটরের মূল্য ৭৫-৮৫ হাজার টাকার মধ্যে হতে পারে। এখানে আমাদের ব্যবসায়িক কোনও উদ্দেশ্য নেই বরং আমরা এই ভেন্টিলেটরের সরবরাহের মাধ্যমে দেশের মানুষের সেবা করতে চাই।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম, সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফসহ অনেকেই এ কাজে আমাদের প্রত্যক্ষ-পরোক্ষভাবে সহযোগিতা করছেন।◉



