প্রধান খবরবাংলাদেশ

বাবার কবরের পাশে বসে কোরআন তেলওয়াত করলেন প্রধানমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে বসে ৩০ মিনিট কোরআন তেলওয়াত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার পিতার কবর জিয়ারতের পর তিনি সেখানে বসেই কোরআন তেলওয়াত করেন। পরে টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দুঃস্থ পুনর্বাসন কেন্দ্রের শিশুদের মধ্যে পোশাক বিতরণ করেন প্রধানমন্ত্রী।

শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টার দিকে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নিজের পিতা ও পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ করেন। প্রায় ৩০ মিনিট বঙ্গবন্ধুর সমাধির পাশে বসে তিনি কোরআন তেলোয়াত করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

পিতার কবর জিয়ারত শেষে শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পূণর্বাসন কেন্দ্রের শিশুদের মধ্য থেকে ১৫ জনের হাতে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে পোশাক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আরও তিনশ’ দুঃস্থ শিশুর মধ্যে ওই শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

ঈদে নতুন পোশাক পেয়ে ব্যাপক আনন্দ প্রকাশ করেছেন শেখ রাসেন দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুরা। পুনর্বাসন কেন্দ্রে বসবাসকারী ফাতেমা, চাঁদনি, মমতাজ, শারমিন, উসু সিং মারমা ও সিমা খানম প্রতিবেদককে জানায়, প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা হিসেবে তাদের পোশাক উপহার দেবেন তা তারা ভাবতেও পারেনি। প্রধানমন্ত্রী এভাবে দুস্থঃ ও অসহায় পরিবারের মানুষের কথা চিন্তুা করেন তা তারা চিন্তাও করেনি। তারা জানায়, এটা সবার ভাগ্যে জোটেনা। তাদের এই আনন্দের কথা সারাজীবন মনে থাকবে।

শিশুদের ঈদ শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সংসদ সদস্য উম্মে রাজিয়া কাজল, গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া হেলিপ্যাডে পৌঁছালে আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
ঢাকায় ফিরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ও করেন। ওই সময় প্রধানমন্ত্রী তার নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের নতুন ভবন নির্মাণের জন্য আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নির্দেশ দেন। দুপুর ১ টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।

সূত্র : বাংলা ট্রিবিউন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension