
পাখির মত গুলি করে মানুষ মারা হচ্ছে: ফখরুল
রূপসী বাংলা ডেস্ক:কক্সবাজার টেকনাফে পৌর কাউন্সিলর মো. একরামুল হককে হত্যার প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোন দেশে আমরা বাস করছি, এটা কি জঙ্গলের মধ্যে?
শনিবার ধানমন্ডি ফখরুদ্দিন কনভেনশন সেন্টারে জাতীয়তাবাদী প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ রংপুর মেডিকেল কলেজ আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একরামুল হত্যার যে অডিওটি বের হয়েছে, সেই বিষয়ে স্পষ্টভাবে আমি কিছু বলতে পারবো না। কি আছে সেই অডিওতে?
পরে সাংবাদিকরা অডিও রেকর্ড সম্পর্কে বললে তিনি বলেন, আমরা তো এই অভিযানকে (মাদক বিরোধী অভিযান) প্রশ্নবিদ্ধ করেছি। আমরা বলেছি, এই অভিযান চালানো হচ্ছে- সম্পূর্ণ একটি ভিন্ন উদ্দেশ্য এবং ভিন্ন কারণে।
তিনি আরো বলেন, আজকে কক্সবাজারে কমিশনার একরামুলকে যে হত্যা করা হয়েছে, এলাকাবাসী এবং মেয়র পর্যন্ত বলেছেন যে, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাকে হত্যা করা ছিল অন্যায়। আজকের এই অডিও যদি সত্য হয়ে থাকে তাহলে এটাই প্রমাণিত হচ্ছে, এই অভিযানের মধ্যে দিয়ে সরকার জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রভাবিত করতে চায়। তাদের যে, দু:শাসন, অন্যায়, অত্যাচার এবং হত্যা- কল্পনা করা যায়? একটা স্বাধীন মুক্ত দেশের মধ্যে পাখির মত গুলি করে মানুষ মারা হচ্ছে। তার কি বিচার হবে না? বিচারবর্হিভূত হত্যাকাণ্ড।
ফখরুল বলেন, এগুলোকে প্রতিরোধ করে দাঁড়াতে হবে। শুধু শুনলে এবং বললেই হবে না। আজকে পথে নামতে হবে। পথেই এদেরকে পরাজিত করতে হবে।
ইফতারের ১৫ মিনিট পরে উপস্থিত হওয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দোষটা আমার না। দোষটা, আমাদের ঢাকার যে ট্র্যাফিক ব্যবস্থা তার। আমি আমার বাসা থেকে বের হয়েছি বিকেল সাড়ে ৪টায়। সেই সময় থেকে এখন এসে এখানে পৌঁছালাম! অত্যন্ত দু:খিত যে আমি সময় মত এসে পৌঁছাতে পারিনি। আমাদের ট্র্যাফিক ব্যবস্থা দেখে আমরা আমাদের দেশের বর্তমান অবস্থা বুঝতে পারি। এটা একটা অচলায়তনে পরিণত হয়েছে।
সুশাসন বলতে দেশে কিছু নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এ অবস্থা চলতে দেয়া যেতে পারে না। এটা শুধু বিএনপি ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার একার সমস্যা নয়। এই সমস্যা সমগ্র জাতির। তাই সমগ্র জাতিকে রুখে দাঁড়াতে হবে। এই অন্যায়ের বিরুদ্ধে, দেশকে ধ্বংস করা যে ষড়যন্ত্র এবং দেশকে দুর্বল করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে। আজকে একটি জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। একই সঙ্গে সমস্ত সুশীল সমাজ ও পেশাজীবীদের ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্য সৃষ্টি করে একটি আন্দোলনের মধ্যে দিয়ে এ সরকারকে সরাতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি ডা. মো. আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. একেএম আজিজুল হক, যুগ্ম মহাসচিব সৈয়দ আকরাম হোসেন, জাতীয়তাবাদী প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডা. এটিএম ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।



