বার্মিংহামে ছিনতাইকালে এক বাংলাদেশী আটক
বার্মিংহামে ছিনতাইকালে এক বাংলাদেশী আটক হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বার্মিংহামের কভেন্টি রোড থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, বার্মিংহামে স্মলহিথের ব্যস্ততম শপিং এলাকা কভেন্টি রোডের বাংলাদেশী মালিকানাধীন ওরিয়েন্টাল সুপার মার্কেটের সত্ত্বাধিকারী লিয়াকত আলী প্রতিদিনের মত ব্যবসার নিজস্ব পার্কিংয়ে গাড়ী পার্ক করে সুপার মার্কটের দরজার সামনে আসলে পুর্ব থেকে ওঁত পেতে থাকা তারই এক কর্মচারী আকস্মিক আক্রমণ করে তার হাতে থাকা ব্যবসায়ের প্রায় পঁচিশ হাজার পাউন্ড নিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে। পিছন দিক থেকে লিয়াকত আলী সাহায্যের জন্য চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে রাইট স্ট্রিটের দিকে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে আটক করে।
ছিনতাইকারী বড় ওভারকোট পরে হুডি দ্বারা বোরকার মতো করে কালো মুখোশ দিয়ে মুখ ঢেকে রেখেছিল। জনতা মুখ খুললে দেখা যায় সে লিয়াকত আলীর বুচার কর্মচারী।
এ সময় উত্তেজিত জনতা তাকে গণধেলাই দিতে চাইলে লিয়াকত আলী তাদের নিবৃত করেন। পরে ওরিয়েন্টালে নিয়ে এসে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ছিনতাইকারীকে ধাওয়া করে আটককারীদের একজন ছিলেন কামরান। তিনি বলেন, ধরা পড়ার পর সে নিজেকে কোন নির্দোষ দাবী না করে মাথা নিচু করে থাকিয়ে ছিলো।
ওরিয়েন্টাল সুপার মার্কেটের কাইয়ুমের সাথে আলাপ করে জানা যায়, আটককৃত ছিনতাইকারী দেশে ছিলো এবং আগামী মাসের ১২ তারিখে আবার কাজে যোগদানের কথা ছিলো।
“ছিনতাইকারী এই প্রতিষ্ঠানে চাকরির সুবাধে জানতো প্রতি বুধবারে ব্যবসার সাপ্তাহিক ব্যাংকিং করার জন্য লিয়াকত আলী পুরো টাকা ঘর থেকে দোকানে নিয়ে আসেন। সেই সুযোগটি সে নেওয়ার চেষ্টা করে । তবে শেষ রক্ষা হয়নি তার।” কাইয়ুম যোগ করেন।
স্মলহিথ বাংলাদেশী ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালিক পারভেজ বলেন, এ ধরনের ঘটনায় আমরা বেশ উদ্বিগ্ন। সকল ব্যবসায়ী সতর্কতার সাথে ব্যবসার ব্যাংকিংসহ টাকাপয়সা নিয়ে নিরাপদ চলাফেরা করেন। ছিনতাইকারী বাংলাদেশী হওয়ায় বার্মিংহাম বাংলাদেশী কমিউনিটির জন্য এটি একটি লজ্জা ও বিব্রতকর ঘটনা।
তিনি আইনের মাধ্যমে এ ঘটনার যথাযথ বিচার দাবী করেন।



