
সুশান্ত কুমার দে
বিজয়ের প্রচ্ছন্ন ছায়ায় অবগুণ্ঠনে মুখ
কালের কণ্ঠে হারায় বুঝি লিপিবদ্ধ সুখ।
অমানিশার আঁধারে- ডুবলো খেয়া তরী
জীবনের সহানুভূতি শুন্যে- উড়ন্ত ঘুড়ি!
এতটুকু সাধ, অন্তহীন স্বপ্নের বাসর বাঁধা
আজি বুঝি ম্রিয়মাণ চারদিকে মরু ধাঁধা।
একাত্তরের উত্তাল সমুদ্রের গর্জন ধ্বনি
মুহূর্তেই বালুচরে জমে ওঠে হিংস্র ফণী।
প্রিয় স্বাধীনতা, তুমি কি আজ ভুলুণ্ঠিত
নীরবতার গহ্বরে তলিয়ে অবগুণ্ঠিত?
একমুঠো প্রেমের সৌহার্দ্যের লোনা জলে
দু’চোখে ফেনায়িত জমে বরফের ছলে!
সেদিন তীব্র লড়াইয়ের- বিজয়ের দলিল
আজো কি ছিঁড়ে খায় – উদ্ভট উড়ন্ত চিল?
পুষ্পিত বৃক্ষরাজি কেন- মলিন বিবর্ণতা
হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হীনমন্যতা।
হায়রে, জীবন- নিয়তির নির্মম সংঘাতে
ব্যর্থ স্বাধীনতা আজি- মাথায় বজ্রপাতে?
তবুও রবে তুমি কীর্তিমান -এই বঙ্গদেশে
পৃথিবী টা যখন যেমন,থেকো সেই বেশে!



