
জহিরুল হক বিদ্যুৎ
খাঁচার বন্দি পাখিরাই শুধু জানে
রুদ্ধ ডানার কাছে আকাশের মূল্য কত!
ক্ষুধার চেয়ে বন্দিত্বের যন্ত্রণা যখন
প্রকট হয়ে ওঠে পাখির বেদনার্ত চোখে,
ঠিক তখনই খাঁচার খাবার ফেলে
পাখি উড়তে চায় মুক্ত আকাশের ঠিকানায়।
‘৭১ এর ৭ই মার্চে যখন অধিকার আদায়ে
গর্জে ওঠে সহস্র বছরের শ্রেষ্ঠ তর্জনী,
রেসকোর্স ময়দানে সর্বস্তরের মানুষ তখন
একসাথে গেয়েছিল অগ্নিঝরা পদাবলি।
তাই তো ধর্ম ও শ্রেণির বিভেদ ভুলে
দেশপ্রেমে জেগেছিল মুক্তিকামী বাঙালী।
ভুলে গিয়েছিল জীবন ও মৃত্যুর পার্থক্যটুকু
এঁকেছিল বিজয়কেতন বুকের তাজা রক্তে।
এ বিজয় দাসত্বের শিকল ভাঙার গান
এ বিজয় মাতৃভূমির প্রেমে এক সাগর রক্ত।



