
এম এ জিন্নাহ
প্রাচ্যের সাম্রাজ্য কিংবা হেলেনের মতো রূপ
কোনোকিছুতেই আটকা পড়ে না মন,
অসীম ট্রাজেডি আর অফুরন্ত ভরসায়
গিলে খাই সমস্ত আক্ষেপ।
বেদনাকে বলেছি কেঁদো না কভু আর,
বৈরির সহস্র দেয়াল ভাঙচুর হবে ক্রোধের নীল রোদন জলে
তারপর, তারপর এক শতাব্দী কাটিয়ে দিবো
প্রেমিকার উষ্ণ পাঁজরে।
সমৃদ্ধির সমতায় পৃথিবীর অনাচার পার হবে
সন্ত্রাসীর চক্ষুশুল ঝরে যাবে সংবিধানের শত ধারায়,
নিপীড়িত জনতার ক্ষুব্ধ ভাষণে
জন্ম নিবে নব্য সভ্যতা ।
প্রেমের প্রজ্বলিত আবরণে
বিধ্বস্ত হবে পৃথিবীর সমস্ত বিবাদ ,
মেসোপটোমিয়া কিংবা ব্যবলনীয় সভ্যতার মতো করে
গড়ে উঠবে প্রণয়ের স্বর্গ রাজ্য,
ছদ্মবেশী অজ্ঞদের তুমুল হাহাকারে
ভেঙে যাবে অমানিশার ঘোর তাৎপর্যসমূহ।
তারপর, তারপর এক কোটি বছর কেটে যাবে
প্রেমিকার ওষ্ঠের নির্মল চাহনিতে।



