
প্রেমে,
যুক্তি দিও না
বরং পক্ষপাতদুষ্ট হও
চোখ মুদে ঝুঁকে পড়ো।
হার জিতের হিসেব করো না।
দুনিয়াদারি দুনিয়ায় থাক,
প্রেমাভিপ্রায় তো অপার্থিব।
সমর্পণে,
লাভ খুঁজো না
বরং শূন্যতা খুঁজো
যুক্তি খারিজ করে মুক্ত হও।
বরং স্বীকার কর,
অন্ধ সমর্পণেও মুক্তি পাওয়া যায়।
জেনো, অতঃপর পর কেহই সুখে শান্তিতে বসবাস করিতে পারে না।
জেনো, অনন্তকাল কেউই সুখে থাকতে পারে না।
না তোমাদের পূর্বনারী বা পূর্বপুরুষ।
তবু প্রেমে বিভ্রম আসে
সেই বিভ্রমেও আটকে থাকে মন ও মগজ।
সংসারেও নির্বাণ লাভ হয়।
না হয় তাই সত্যি ভাবলে!
সেই ক্ষণচারী সত্যের দোহাই,
প্রেমে জিততে চেয়ো না
লাভ ক্ষতির হিসেব করো না।
প্রেমে এসব কর্কট।
দুনিয়াদারীর হিসেব বিকট এখানে,
ভীষণই বিকট!



