খেলাপ্রধান খবর

বিশ্বকাপে বিশ্বরেকর্ড হিটম্যানের

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : রেকর্ডের ছড়াছড়ি রোহিতের ব্যাটে৷ লিডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরান করা মাত্রই বিশ্বরেকর্ড গড়েন হিটম্যান৷ শতরানে পৌঁছনোর আগেও অবশ্য তিনি অনবদ্য একটি নজির গড়েন৷ শতরানের পর ছুঁয়েও ফেলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের একটি সর্বকালীন রেকর্ড৷

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯২ বলে ১০২ রানে পৌঁছনো মাত্রই ইতিহাসে স্থায়ী জায়গা করে নেন রোহিত৷ একটি বিশ্বকাপে সব থেকে বেশি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন৷ চলতি বিশ্বকাপে এটি রোহিতের পঞ্চম শতরান৷ এর আগে এই রেকর্ড ছিল প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারার৷ ২০১৫ বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করেছিলেন সাঙ্গা৷ লিডসে শ্রীলঙ্কান তারকাকে টপকে যান হিটম্যান৷

গত বিশ্বকাপের গ্রুপ লিগে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে পর পর চারটি ম্যাচে সেঞ্চুরি করেন সাঙ্গাকারা৷ বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৫, ইংল্যান্জের বিরুদ্ধে অপরাজিত ১১৭, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৪ ও স্কটল্যান্ডের বিরুদ্ধে ১২৪ রান করেন তিনি৷

রোহিত চলতি বিশ্বকাপে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন৷ সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই অপরাজিত ১২২ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি৷ ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে ১৪০ রান করে সাজঘরে ফেরেন হিটম্যান৷ বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে সপ্তম ম্যাচে ১০২ রান করে আউট হন তিনি৷ সেই এজবাস্টনেই উপর্যুপরি দ্বিতীয় সেঞ্চুরি করেন রোহিত৷ বাংলাদেশের বিরুদ্ধে অষ্টম ম্যাচে ১০৪ রানের ঝকঝকে ইনিংস খেলে ক্রিজ ছাড়েন ভারতীয় ওপেনার৷ এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে লিগের নবম তথা শেষ ম্যাচে ৯৪ বলে ১০৩ রান করে আউট হন হিটম্যান৷

চলতি বিশ্বকাপে এই নিয়ে পর পর তিনটি ম্যাচে সেঞ্চুরি করলেন রোহিত৷ বিশ্বকাপে একটানা চারটি সেঞ্চুরি করার নজির রয়েছে সাঙ্গার৷ সেই নিরিখেও শ্রীলঙ্কান তারকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন হিটম্যান৷ সেমিফাইনালে তিন অঙ্কের রানে পৌঁছলে সাঙ্গাকে ধরে ফেলবেন তিনি৷ ভারত যদি ফাইনালে ওঠে তবে এবং রোহিত শেষ দু’টি ম্যাচেও শতরান করলে সাঙ্গাকারার সেই রেকর্ডও ভেঙে দিতে পারেন ভারতীয় তারকা৷ কাজটা সহজ নয় বটে, তবে রোহিত যে রকম ফর্মে রয়েছেন, তাতে কাজটা অসম্ভবও নয়৷

এই ম্যাচেই একটি বিশ্বকাপের লিগ পর্বে সব থেকে বেশি রান করার রেকর্ড গড়েন রোহিত৷ আগের রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের নামে৷ তিনি ২০০৩ বিশ্বকাপের লিগ পর্যায়ে ৫৮৬ রান করেছিলেন৷ শাকিব আল হাসান চলতি বিশ্বকাপেই সেই রেকর্ড টপকে ৬০৬ রান করেন৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৩ রানে পৌঁছনো মাত্রই শাকিবকে ছাড়িয়ে যান রোহিত৷ শেষমেশ ১০৩ রানে আউট হওয়ার পর লিগে তার ব্যক্তিগত রান সংখ্যা দাঁড়ায় ৬৪৭৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension