
এখন আমার অবুঝ মনে অস্তাচলের গান
কুড়োই যত ছড়িয়ে থাকা মুহূর্তদের ভুল
মনভোলানো কথায় এখন সব পেয়েছির সুর
জীবন জুড়ে শেষ বিকেলের শ্রান্ত উপকূল।
এখন আমার চোখের তারায় জলের ছোঁয়াচ
বিষণ্ণতার গল্প বলে ক্লান্ত গলার স্বর
পৌষ দুপুরে, নির্জনতায় আনমনা এক শোক
বুকের ভেতর একটা দুটো রূপকথাদের ঘর।
এখন আমি ভুলেই থাকি ভাটিয়ালীর সুর
একলা দুপুর, সোনাঝুরি, একতারাদের দেশ
আবদারী চোখ হিসেব যত সংগোপনে রাখে
মনবাড়িটার উঠোনে বয় উদাস হাওয়ার রেশ।



