
মমতা মজুমদার
সময়ের উত্তাল স্রোতে,
খসে পড়ে কিছু মুখ ও মুখোশের অবয়ব।
বেপরোয়া জীবনে আসে যায় কত দিবস রাত্রি।
উন্মাদনায় নাচে দুঃসময়ের বিরহিত রাতের স্পন্দন।
শোকাহত স্মৃতির পাতায় ঝুলে থাকে পোড়া ফাগুন।
কালবৈশাখীর তাণ্ডবলীলায় ভেঙে যায়
শত শত ইচ্ছেদের ডানা।
মনের পিঞ্জর খুলে উড়ে গেছে সুখ বসন্ত।
হারানোর শোকে কাতর হয়নি প্রিয় চন্দ্রমল্লিকা,
জুঁই আর কামিনী।
এখানে সন্ধ্যা নামে গোধূলির আলোমাখা রঙের সারিতে।
যেথায় রয়েছে আবেগের লাগামহীন শব্দের মাধুরি।
দুর্ভাগ্যের পসরায় খুঁজে পাই, এক একটা ছিন্নপত্র।
মুখোশের আড়ালে সূর্যের দীপ্তি ছড়ায় বেঈমান পাখি!
পাশে এসে ঝড় তোলে সাজায় কথার কারুকাজ;
এক রোখা অভ্যাসে রোজকার ছুটাছুটি চলে অবাধে।
সময় তার নিজস্ব বদৌলতে এসে রূপ দেখায়।
জীবনের মালা বদল করে পাড়ি দেয় স্বার্থের
শেষ পরিণয়ের সূত্র ধরে!
ক্ষণিকের জীবনটা আসলেই কত রঙ বদলায়।



