
উৎসর্গঃ শহীদ আবু সাঈদ
হিটলার পারে নাই, ব্যর্থ মুসোলিনি,
বিকলাঙ্গ বিবেকের বিকৃত-বাণিজ্য-বিকিকিনি
আনেক দেখেছে বসুন্ধরা।
আধুনিক যুগে রাত্রি নয়—দিনেও আঁধারে ভরা
থাকে আজকাল;
তবুও আলোর খোঁজে মাঝে মাঝে বিদ্রোহী মশাল
জ্বালে মানুষের ইতিহাস;
ভেঙে পড়ে বধির বিশ্বাস
জনতার জীবন্ত সুনামি
উন্মোচিত করে সব চতুর ভণ্ডামি
ভুলে যায় স্বৈরাচারী চাবুকের ভয়,
তখন নির্ভয়
জনতার জয়ের মিছিল।
ষড়যন্ত্রে প্রতিবিপ্লব গোপনে ক্রিয়াশীল
লুঠ করে বিজয়ের সমস্ত ফসল
হতাশায় কাঁদে ব্যর্থ বিপ্লবের ঢোল।
আজন্ম শুনেছি দায়ী বেটা নন্দ ঘোষ,
তথাপি মানুষ মানে সময়ের সম্ভ্রান্ত সাহস—
অতঃপর অনন্ত আঁধারে জ্বলে অমরাবতীর দীপ্ত আলো!



