
ব্রিটিশদের ঘাড়ে বড় রানের বোঝা টিম ইন্ডিয়ার
রূপসী বাংলা ডেস্ক:এজবাস্টনে জয়ের সুবর্ণ সুযোগ তৈরি হলেও শেষমেশ অল্পের জন্য হার মানতে হয় ভরতকে৷ লর্ডসের দ্বিতীয় টেস্টে একতরফা আত্মসমর্পণ কোহলিদের৷ নটিংহ্যামের মরণ-বাঁচন তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেছে টিম ইন্ডিয়া৷
সিরিজে টিকে থাকতে হলে ট্রেন্ট ব্রিজে হার থেকে দূরে থাকতে হবে কোহলিদের৷ সিরিজ জয়ের সম্ভাবনা জিইয়ে রাখতে হলে নটিংহ্যামে জিততেই হবে ভারতকে৷ এই অবস্থায় পাল্টা লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করে ভারতীয় ব্যাটসম্যানরা৷
টসে হেরে প্রতিকূল পরিবেশে প্রথমে ব্যাট করতে বাধ্য হলেও কোহলি-রাহানের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৩২৯ রানের ভদ্রস্ত ইনিংস গড়ে তোলে ভারত৷ ব্যাটসম্যানদের গড়ে দেওয়া ভিতে জয়ের স্মারক তৈরির কাজ বেশ খানিকটা এগিয়ে রাখে ভারতীয় পোসাররা৷ হার্দিক পান্ডিয়ার পাঁচ উইকেটের দৌলতে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৬১ রানে গুটিয়ে দেয় টিম ইন্ডিয়া৷

প্রথম ইনিংসের নিরিখে ১৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামা ভারত দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে৷ যার অর্থ, ইংল্যান্ডের থেকে ইতিমধ্যেই ২৯২ রানে এগিয়ে রয়েছে কোহলি অ্যান্ড কোং৷ বাকি ৮ উইকেটে তারা আরও কিছু রান যোগ করবে নিশ্চিত৷ বোলাররা ধারাবাহিকতা বজায় রাখতে পারলে নটিংহ্যাম টেস্টে ভারতের জয় কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে৷



