
বড়দিনে ফ্ল্যাটের দরজা ভেঙে ভয়াবহ চিত্র দেখল ফরাসি পুলিশ
বড়দিনের দিন ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে একটি অ্যাপার্টমেন্ট থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্যারিসের কেন্দ্রস্থল থেকে ৪০ কিলোমিটার দূরের শহর মৌতে এই ঘটনা ঘটেছে।
ফরাসি তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধারকৃত মরদেহগুলো এক নারী ও তাঁর চার সন্তানের। রাতভর অভিযানের পর পুলিশ মঙ্গলবার সকালে ওই পরিবারের বাবাকে গ্রেপ্তার করেছে বলে ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
কর্তৃপক্ষের কাছে গ্রেপ্তারকৃত ৩৩ বছর বয়সি ব্যক্তির বিরুদ্ধে গৃহ নির্যাতন ও মানসিক সমস্যার তথ্য ছিল। তদন্তকারীরা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে প্রতিবেশীদের কাছ থেকে তারা একটি বার্তা পান। অ্যাপার্টমেন্টে দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পেয়ে এবং ভেতরে কারো সাড়া-শব্দ না পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন।
পরে দরজা ভেঙে পুলিশ অ্যাপার্টমেন্টের ভেতরে প্রবেশের পর ভয়াবহ চিত্র দেখতে পায়। হাইতিয়ান বংশদ্ভূত মা, তার দুই মেয়ে ও দুই ছেলের লাশ উদ্ধার করেন তারা।
তদন্তকারী জানিয়েছেন, তিন নারী সদস্যকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। তবে দুই ছেলের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাদেরকে শ্বাসরোধ বা পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



