
ভারতীয় রুপির রেকর্ড দরপতন
মার্কিন ডলারের বিপরীতে আজ বুধবার ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে এক ডলারের বিনিময়ে ৮২ দশমিক ৯৫ রুপি পাওয়া যাচ্ছে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতভিত্তিক সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, বিষয়টি নাকি এমন নয়, ভারতীয় মুদ্রার পতন হচ্ছে। মূলত ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে, তাই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে রুপির দরপতন ঠেকাতে কাজ করছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।
সম্প্রতি আইএফএ গ্লোবাল রিসার্চ একাডেমি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। সে কারণে পড়ছে রুপির দাম। এতদিন আরবিআই সঞ্চয় খরচ করে কোনোমতে পরিস্থিতি ঠেকিয়ে রেখেছিল, কিন্তু এখন তা আর সম্ভব হচ্ছে না।
আরবিআই জানিয়েছে, তাদের বিদেশি মুদ্রার সঞ্চয় (ফোরেক্স রিজার্ভ) ৪৮.৫৪ কোটি ডলার কমেছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪০ হাজার কোটি ৫ লাখ ৬৭ রুপি।
বিশেষজ্ঞদের মতে, ২০১৩ সালে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার বড় পতন হয়েছিল। এ সংকট মোকাবিলা করতে তখন রিজার্ভ ব্যাংক যে সব ব্যবস্থা নিয়েছিল, তা এখন তেমন কাজ দেবে না। তখন ও এখনকার আর্থিক অবস্থার মৌলিক উপাদানগুলোর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। শুধু ডলারের দর বৃদ্ধিই নয়, দেশের আর্থিক ভিতও কিছুটা নড়বড়ে অবস্থায় রয়েছে ধারণা তাদের।
বিশেষজ্ঞদের একাংশের মতে, ওই সব পদক্ষেপ ২০১৩ সালে যেমন কাজ করেছিল, এবার তেমন করেনি। ফলে রুপির মান ধরে রাখতে রিজার্ভ ব্যাংকের ডলার বিক্রি ছাড়াও আরও কিছু ব্যবস্থা নেওয়া জরুরি। অনেকের পরামর্শ, অতীতের মতো রিসারজেন্ট ইন্ডিয়া বন্ড বা মিলেনিয়াম ডিপোজিট বন্ড ছাড়লে ভালো ফল মিলতে পারে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, চলতি অর্থবছরে তা জিডিপির ৩ শতাংশের ওপরেই থাকতে পারে। এখন আট মাসের আমদানি খরচ মেটানোর মতো ডলার শীর্ষ ব্যাংকের হাতে আছে, কিন্তু আমদানি খরচ বেড়ে ডলারের মজুত কমতে থাকলে তার সংস্থান নিয়ে উদ্বেগ বাড়তে পারে।
এর আগে, ২০১৩ সালে ডলারের বিপরীতে রুপির দরপতন হয়েছিল ১১ শতাংশ। এবার ইতোমধ্যে পতনের হার ওই মাত্রা ছাড়িয়ে গেছে—ডলার ৮২ রুপি ছাড়িয়েছে। এমনকি ডলার ৮৪ রুপিও ছুঁতে পারে বলে ধারণা অনেকের। ডলারের মূল্যবৃদ্ধি এবং আমদানি খাতে খরচ বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে।



