
ভারতের প্রথম বেসরকারি রকেটের সফল উৎক্ষেপণ
মহাকাশে পাড়ি দিল ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে নির্মিত রকেট ‘বিক্রম-এস’। গতকাল শুক্রবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের লঞ্চ প্যাড থেকে সফল উৎক্ষেপণ হয় হায়দরাবাদের বেসরকারি সংস্থা ‘স্কাইরুট অ্যারোস্পেস’-এর তৈরি রকেটটির। এর নাম দেওয়া হয়েছে ‘বিক্রম-এস’। খবর এনডিটিভির।
জানা যায়, উৎক্ষেপণের পর সফলভাবেই নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে যায় ‘বিক্রম-এস’। ‘স্কাইরুট অ্যারোস্পেস’-এর এই অভিযানের পোশাকি নাম ছিল ‘প্রারম্ভ’। বেসরকারি উদ্যোগে তৈরি প্রথম রকেটটির নামকরণ করা হয়েছে ভারতের স্বনামধন্য গবেষক তথা মহাকাশ অভিযানের প্রাণপুরুষ বিক্রম সারাভাইয়ের নাম অনুসারে।
‘বিক্রম-এস’-এর নির্মাতা সংস্থার সিইও পবন কুমার চন্দানা চলতি মাসের গোড়ারদিকে জানিয়েছিলেন, তাদের রকেট নির্মাণের কাজ সফলভাবে শেষ হয়েছে। নভেম্বরের ১২ থেকে ১৬ তারিখের মধ্যে উৎক্ষেপণ হবে। পরে ইঞ্জিনের কিছু খুঁটিনাটি পরীক্ষার কারণেই সময়সীমা আরও কিছুটা পিছিয়ে দেওয়া হয়। শুক্রবার সফল উৎক্ষেপণের কথা নির্মাতা সংস্থার তরফে টুইটারে জানানো হয়।
বিক্রম-এস একটি একক পর্যায়ের সাব-অরবিটাল রকেট। বিক্রম সিরিজের অন্য রকেটগুলোর প্রযুক্তিগত ক্ষমতা যাচাই করতে এই রকেট সাহায্য করবে। ২০২০ সালে দেশে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ঢালাও সংস্কারের পথে এগিয়েছিল নরেন্দ্র মোদির সরকার। সিদ্ধান্ত হয় শুধু রাষ্ট্রপরিচালিত ইসরো নয়, ভারতে এবার মহাকাশে পাড়ি জমানোর রকেট বানাতে পারবে বেসরকারি সংস্থাও। বানাতে পারবে কৃত্রিম উপগ্রহ আর তার আনুষঙ্গিক যন্ত্রপাতি।



