
ভারতে জেএমবির অন্যতম শীর্ষ নেতা বড় করিম গ্রেফতার
ভারতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) অন্যতম শীর্ষ নেতা আবদুল করিম ওরফে বড় করিম গ্রেফতার হয়েছে। দেশটির স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে।
কোলকাতা পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে করিমকে গ্রেফতার করা হয়েছে।
সেখানে আবদুল করিম ছদ্মবেশ নিয়ে লুকিয়ে ছিল। তার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র জব্দ করা হয়েছে।
আজা শুক্রবার আবদুল করিমকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীর্ঘদিন ধরেই করিমের খোঁজ করছিল বাংলাদেশের প্রশাসন, ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ও পশ্চিমবঙ্গ পুলিশ।
এর আগে ২০১৮ সালে করিমের বাড়িতে তল্লাশিও চালিয়েছিল পুলিশ। ওই সময় প্রচুর বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ হলেও পালিয়ে গিয়েছিল এই শীর্ষ জঙ্গি নেতা আবদুল করিম ওরফে বড় করিম। ⛘



